বনের সংরক্ষিত এলাকায় মাদক বিক্রি ও সেবন!
বগুড়ার শেরপুর উপজেলায় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের সংরক্ষিত এলাকার ভেতরে চলছে মাদক বিক্রি ও সেবন। এই এলাকায় দীর্ঘদিন ধরে দিনে ও রাতে চলে আসছে এসব কর্মকাণ্ড।
কেন্দ্রের কর্মচারীরা জানান, মাদকসেবী ও বিক্রেতাদের ভেতরে প্রবেশে বাধা দিলে তারা কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।
বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, ১৯৬১-৬২ সালে প্রায় ১০ একর সম্পত্তির ওপর বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের কার্যালয় প্রতিষ্ঠিত হয়। এই কার্যালয় থেকে শেরপুর, ধুনট, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার নার্সারি ও প্রশিক্ষণ কার্যক্রম চলে।
সরেজমিনে দেখা গেছে, সংরক্ষিত এলাকার তিন পাশের পুরো এলাকাজুড়ে রয়েছে সীমানাপ্রাচীর। এর প্রধান ফটক লোহার। সম্মুখভাগের বেশির ভাগ অংশে রয়েছে কাঁচা নালা। কেন্দ্রের উত্তর পাশে পরিত্যক্ত আবাসিক ভবনজুড়ে নেশা গ্রহণের নানা উপকরণ পড়ে থাকতে দেখা যায়। একই অবস্থা কার্যালয়ের বারান্দায়ও। এ সময় সংবাদকর্মীর উপস্থিতি দেখে মাদক বিক্রেতারা সংরক্ষিত এলাকা ছেড়ে চলে যায়। তবে বসা ছিল কিছু তরুণ।
কেন্দ্রে কর্মরত মালি ছানোয়ার হোসেন জানান, সংরক্ষিত এলাকায় প্রবেশে বাধা দিলে তাঁদের মাদকসেবী ও বিক্রেতারা নানা হুমকি দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এখানে থাকে। নিজেদের পরিবারের নিরাপত্তার জন্য কেন্দ্রের ভেতর কোয়ার্টারের সদর দরজা তালাবদ্ধ রেখে তাঁদের বসবাস করতে হচ্ছে। কেন্দ্রের উত্তর পাশের পরিত্যক্ত আবাসিক ভবনটি হয়ে উঠেছে মাদকসেবীদের নিরাপদ স্থান।
আরেক কর্মচারী মহিউদ্দীন আহমেদ জানান, সংরক্ষিত এলাকা হলেও তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক সময় বাগানের ফল মাদকসেবীরা জোর করে কেটে নিয়ে যায়। মাঝেমধ্যে পুলিশ এলে দুষ্ট প্রকৃতির লোকের অবাধ বিচরণ বন্ধ থাকে। পুলিশ চলে গেলেই আবার তারা উপস্থিত হয়।
নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের বন কর্মকর্তা মাহবুব উল আলম জানান, কেন্দ্রটির সম্মুখভাগে সীমানাপ্রাচীর না থাকায় সংরক্ষিত এলাকায় মাদক বিক্রেতা ও সেবীদের অবাধে বিচরণ ঘটছে। সীমানাপ্রাচীরের জন্য দুই বছর আগে জেলা কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
এ ব্যাপারে বগুড়ার সামজিক বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু জানান, শেরপুরের ওই কেন্দ্রের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। অর্থ বরাদ্দ না পাওয়ায় তা নির্মাণ করা সম্ভব হয়নি।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মাঝেমধ্যে ওই সংরক্ষিত এলাকায় পুলিশি অভিযান চালানো হয়। সেখানে অভিযান আরও জোরদার করা হবে।