বন্দর কর্মকর্তাকে তাঁর কক্ষে মারধর করলেন ঠিকাদার
চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাকে বন্দরের তালিকাভুক্ত এক ঠিকাদার মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। মারধরের শিকার এমদাদুল হক বন্দরের উপপ্রধান প্রকৌশলী (মেরিন)। গতকাল বুধবার দুপুরে নিজ অফিস কক্ষে তাঁকে মারধর করা হয়।
তবে মারধর করার অভিযোগ ওঠা ঠিকাদার মো. ইলিয়াছ উল্টো দাবি করেছেন, বন্দরের কর্মকর্তাই তাঁকে মারধর করেছেন। মো. ইলিয়াছ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য।
আহত বন্দর কর্মকর্তা এমদাদুল হককে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বেলা পৌনে একটায় ঠিকাদারি প্রতিষ্ঠান শামস মেরিনের স্বত্বাধিকারী মো. ইলিয়াছ অস্ত্রসহ অফিস কক্ষে ঢোকেন। এ সময় তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। কক্ষে ঢুকেই অকথ্য ভাষায় তাঁকে গালাগাল করতে থাকেন ঠিকাদার। একপর্যায়ে অফিসে থাকা বন্দরের আরও দুজন কর্মকর্তাকে বের করে দেন তিনি। এরপর একটি দরপত্রের প্রাক্কলন (সম্ভাব্য ব্যয়) কমানোর বিষয় তুলে হঠাৎ তাঁর নাকে আঘাত করেন।
এমদাদুল হক বলেন, একপর্যায়ে ভয়ে কক্ষের শৌচাগারে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে বন্দর চেয়ারম্যানকে ফোন করে ঘটনাটি জানান। এরপর ঠিকাদার ইলিয়াছ কক্ষ থেকে বের হয়ে যান।
চট্টগ্রাম বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এমদাদুল হক নাকের ওপরের অংশে আঘাত পেয়েছেন।
তবে শামস মেরিনের কর্ণধার মো. ইলিয়াছ প্রথম আলোর কাছে মুঠোফোনে দাবি করেন, সম্প্রতি বন্দরের দুটি জাহাজের যন্ত্রাংশ কেনার দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের অন্তত ১৪ দিন আগে তা বন্দরের ওয়েবসাইটে প্রকাশ করার কথা। কিন্তু ওই দুটি দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের মাত্র দেড় ঘণ্টা আগে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ বিষয়টি জানতে তিনি ওই কর্মকর্তার অফিসে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বন্দর কর্মকর্তা তাঁর চোখে ঘুষি মারেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বন্দর কর্মকর্তাকে নিজ কক্ষে মারধর করার ঘটনায় থানায় মামলা করা হবে।