বন্দর থেকে অবৈধভাবে পণ্য খালাস, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল কাগজপত্র দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১৪ কনটেইনার পণ্য খালাসের ঘটনায় নগরের হালিশহর থানায় মামলা করেছে কাস্টম কর্তৃপক্ষ। গতকাল বুধবার কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মহসিন আলী বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এ চারজন হলেন সাইফুদ্দিন হায়দার চৌধুরী, মো. দেলোয়ার, মোশাররফ হোসেন ও মো. খলিলুর রহমান। এ ছাড়া পণ্য খালাস-প্রক্রিয়ার সঙ্গে জড়িত অজ্ঞাতপরিচয় কয়েকজনকেও আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়।
হালিশহর থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুল্ক ফাঁকি এবং জালিয়াতির অপরাধে এ মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২২ সেপ্টেম্বর জাল কাগজপত্র ব্যবহার করে বন্দর থেকে ১৪ কনটেইনার গ্লিসারিন খালাস করে একটি চক্র। এ ঘটনায় গত মঙ্গলবার হালিশহরের নয়াবাজার এলাকার একটি ওয়ার্কশপ থেকে এসব কনটেইনার জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘জব্দ করা কনটেইনারের ১০টি বন্দরের হেফাজতে নেওয়া হয়েছে। বাকি চারটি কনটেইনার বন্দরে নেওয়ার প্রক্রিয়া চলছে।’
কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারক পণ্য খালাস না করায় ২০১৩ সালে এসব কনটেইনার নিলামে তোলে কাস্টম কর্তৃপক্ষ। নিলামে ৭০ লাখ টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হন সাইফুদ্দিন হায়দার চৌধুরী নামের এক ব্যক্তি। কাস্টম কর্তৃপক্ষ তাঁকে এসব পণ্য কেনার অনুমতি দিলেও দীর্ঘ সময়ে তিনি পণ্য খালাস করেননি। নিলাম মূল্যও পরিশোধ করেননি। কিন্তু ঈদের আগে জাল কাগজপত্র ব্যবহার করে এসব মালামাল খালাস করা হয়। খালাস করে পণ্য হালিশহরের ওই ওয়ার্কশপে এনে রাখা হয়েছিল।