বন্দরে এবার ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই এবার মো. ফয়সাল (২৩) নামের এক ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ টি হোসেন গার্ডেন–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল বন্দরের নবীগঞ্জ শান্তিবাগ এলাকার আবদুর রশিদের ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সন্ধ্যায় ফয়সালকে স্থানীয় কয়েকজন যুবক কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অবস্থায় পথচারীরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ফয়সালের বাবা আবদুর রশিদ বলেন, তাঁর ছেলেকে কেন, কী কারণে হত্যা করা হয়েছে—তা তিনি জানেন না। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) আবদুল্লাহ মাসুদ বলেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ফয়সালকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফয়সালের বখাটে বন্ধুরা এর সঙ্গে জড়িত থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।