বন্দরে চালের দোকানে ডাকাতি হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি চালের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নৈশপ্রহরীদের বেঁধে দোকানের তালা ভেঙে সাড়ে তিন লাখ টাকা মূল্যের চালের বস্তা ও নগদ আট হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় দুই নৈশপ্রহরী গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার ভোররাতে গোকুলদাশেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোররাত তিনটায় গামছা দিয়ে মুখ বাঁধা আট-নয়জনের একদল ডাকাত একটি ট্রাকে চড়ে গোকুলদাশেরবাগের পাইকারি চালের দোকান শাহীন ট্রেডার্সের সামনে আসে। তারা প্রথমে নৈশপ্রহরী হানিফকে (৫০) কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে পাশের দোকানের নৈশপ্রহরী মোস্তফার (৬৫) ওপর হামলা চালায়। তাঁকেও পিটিয়ে অচেতন করে হাত-পা বেঁধে রাখে। পরে দোকানের তালা ভেঙে দেড় শ বস্তা চাল ট্রাকে তুলে নিয়ে যায়। তারা ক্যাশবাক্স ভেঙে সাড়ে আট হাজার টাকাও লুট করে। পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা বেঁধে রাখা দুই নৈশপ্রহরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।