বন্দরে ছাত্রলীগ নেতার সহযোগীদের হামলা, দুই গাড়িচালক আহত
নারায়ণগঞ্জ বন্দরে ছাত্রলীগ নেতা খান মাসুদের সহযোগীদের হামলায় সিএনজিচালিত অটোরিকশার দুজন চালক আহত হয়েছেন। হামলাকারীরা দুজনকে পিটিয়ে আটক রেখে তাঁদের ও পরিবারের সদস্যদের কাছ থেকে সাদা কাগজে সই রেখে ছেড়ে দেন।
গতকাল সোমবার সকালে বন্দর বেবিস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হামলার ঘটনায় বন্দর-কলাগাছিয়া পথে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
আহত চালকেরা হলেন জাকির হোসেন (৩০) ও রুবেল (২৮)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বন্দরের ঘারমোড়া এলাকার অটোরিকশাচালক জাকির ও রুবেল গাড়ি নিয়ে বের হন। তাঁরা ঘারমোড়া এলাকা থেকে যাত্রী নিয়ে বন্দর বেবিস্ট্যান্ডে আসেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের সহযোগী নয়ন, রুমা, সুজন, রাজুসহ কয়েকজন তাঁদের গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর করে বেবিস্ট্যান্ডে ফেলে রাখেন। খবর পেয়ে দুজনের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। তখন হামলাকারীরা দলীয় প্রভাব খাঁটিয়ে আহত দুই চালক ও তাঁদের স্বজনদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সবাইকে ছেড়ে দেন।