বন্দরে দুটি কমিউনিটি ক্লিনিকে পানিসংকট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দুটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে প্রায় এক বছর ধরে পানির সরবরাহ নেই। পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে পানি উঠছে না।
জানা গেছে, ধামগড় ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে প্রায় এক বছর ধরে পানির সরবরাহ বন্ধ। এই ক্লিনিকে প্রতিদিন ৩৫-৪০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ এখানে স্বাভাবিক প্রসবও করানো হয় এই ক্লিনিকে। কিন্তু এক বছরের বেশি সময় ধরে ক্লিনিকের গভীর নলকূপ থেকে পাম্পে পানিউঠছে না। পার্শ্ববর্তী পুকুর থেকে পানি এনে শৌচাগারে ব্যবহার করা হচ্ছে।
ক্লিনিকটির পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মোতালিব বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ক্লিনিকের পাম্পে পানি উঠছে না। ক্লিনিকের আশপাশের সব বাড়িতে সাবমার্সিবল পাম্পের সাহায্যে পানি তোলা হচ্ছে। এই ক্লিনিকেও সাবমার্সিবল পাম্প বসাতে হবে।
একই রকম অবস্থা মদনপুর ইউনিয়নের কেওঢালা কমিউনিটি ক্লিনিকেরও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ক্লিনিক দুটির পানির পাম্প কাজ না করায় বিষয়টি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় উত্থাপন করা হয়েছে।