বন্দরে নিখোঁজ ব্যবসায়ী রামুতে উদ্ধার
নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর নারায়ণগঞ্জ বন্দরের একজন ব্যবসায়ী গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের রামু উপজেলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন। তাঁকে অপহরণ করা হয়েছিল বলে মনে করছে পুলিশ।
ওই ব্যবসায়ীর নাম ফারুক আহম্মেদ। তিনি বন্দরের উইলসন রোড এলাকার (খানবাড়ি-সংলগ্ন) বাসিন্দা।
স্ত্রী পলি আহম্মেদ বলেন, ফারুক গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাদা রঙের ট্রাউজার, কালো টি-শার্ট ও কেডস পরে হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। সারা রাত আত্মীয়স্বজনের বাড়ি, হাসপাতাল, থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ব্যাপারে তিনি বৃহস্পতিবারই বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পলি আহম্মেদ আরও বলেন, গতকাল ভোরে ফজরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে ফেরার সময় কয়েকজন মুসল্লি অচেতন অবস্থায় ফারুককে রামু উপজেলার মহতা সড়কের পাশ থেকে উদ্ধার করেন। পরে তাঁকে কক্সবাজার জেলা সদরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে ফেসবুকে ফারুকের একটি ছবি ও নাম-পরিচয় প্রকাশ করা হয়েছিল। সেইছবি দেখে খায়রুল নামের এক ব্যক্তি তাঁকে শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন গতকাল সন্ধ্যায় বলেন, ফারুককে বিমানযোগে রামু থেকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো তাঁর চেতনা ফেরেনি। চেতনা ফিরলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ফারুককে বন্দরের একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা।