নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দেড় বছরের এক শিশুকে পানিতে ছুড়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ধামঘর মালামত এলাকায় এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে সুমাইয়া নামের এক কিশোরীকে আটক করেছে পুলিশ। এদিকে সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধামঘর মালামত এলাকায় আবদুল মামুনের মেয়ে বন্যার সঙ্গে প্রতিবেশী আবুল হাসেমের মেয়ে সুমাইয়ার (১২) ঝগড়া হয়। সুমাইয়া রেগে বন্যার ছোট বোন দেড় বছরের খাদিজাকে কোলে করে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে ছুড়ে মারে। আশপাশের লোকজন খাদিজাকে উদ্ধার করার আগেই সে মারা যায়।
বিকেলে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তুচ্ছ ঘটনায় ঝগড়ার জেরেই কিশোরী সুমাইয়া শিশু খাদিজাকে পুকুরে ছুড়ে মারে। তবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর (১৪) লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে সন্ধ্যায় গোদনাইলের ২ নম্বর ঢাকেশ্বরী খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেন বলেন, কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।