বন্দরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা?
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে স্টার পার্টিকেল বোর্ড মিলে গতকাল মঙ্গলবার চান মিয়া নামের এক ক্রেনচালককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার কয়েকজন শ্রমিক বলেন, গতকাল দুপুরে চান মিয়া হাত-মুখ পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন কক্ষে যান। এ সময় কয়েকজন শ্রমিক কম্প্রেসারের পাইপের সাহায্যে তাঁর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। স্টার পার্টিকেল বোর্ড মিলের প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফ বলেন, শ্রমিকেরা কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস দিয়ে শরীরের ধুলা পরিষ্কার করে থাকেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চান মিয়া একাই শরীরের ধুলা ময়লা-পরিষ্কার করতে কম্প্রেসার কক্ষে যান। তিনি নিজেই নিজের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেন। পরে মিলের গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ‘আমি খোঁজখবর নিচ্ছি।’