বন্দরে বাড়ির তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে আতাউর রহমান (৪০) নামের বাড়ির এক তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় উপজেলার মদনগঞ্জের সামিট পাওয়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান উপজেলার মদনগঞ্জ এলাকার মৃত জামান মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক। এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ বলেন, মদনগঞ্জের মৃত আইনজীবী জামান মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন আতাউর। জামানের বাড়ির পেছন দিকের পানির পাইপ ফাটা ছিল। তাই পাইপ দিয়ে পানি পড়ত। পাইপ মেরামত করার জন্য পাশের বাড়ির মাদকাসক্ত যুবক বাবু কয়েক দিন ধরে আতাউরকে তাগাদা দিচ্ছিলেন। কিন্তু মেরামত না করায় বাবু ক্ষিপ্ত হন আতাউরের ওপর। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে সামিট পাওয়ার স্টেশনের সামনে আতাউরকে ধারালো অস্ত্র দিয়ে কোপান বাবু। এতে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে বাবু পলাতক। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।