নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গত সোমবার রাতে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছুরিসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি গ্যারেজ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বন্দরে নিহত ব্যবসায়ীর নাম কুতুবউদ্দিন (৬৫)। তিনি উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। কুতুবউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই। হত্যার ঘটনায় আটক যুবকের নাম শামীম আহম্মেদ (৩০)। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ বলেন, উপজেলার ফরাজিকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে ৩০০ গজের মতো দূরে কুতুবউদ্দিনের একটি মুদিদোকান আছে। দোকানের তালা ভাঙা বলে সোমবার দিবাগত রাত একটার দিকে বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যান আটক শামীম। তিনি আগে কুতুবউদ্দিনের বাড়িতে নির্মাণশ্রমিকের কাজ করেছিলেন। কুতুবউদ্দিন বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে তালা পরীক্ষা করে ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছামাত্র তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন শামীম। কুতুবউদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শামীমকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
পরিবার বলছে, কুতুবউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কুতুবউদ্দিনের ভাই আওয়ামী লীগের নেতা আবেদ হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় পঞ্চায়েত নিয়ে বিরোধের জের ধরে জাতীয় পার্টির স্থানীয় দুই নেতা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর ভাইকে খুন করিয়েছেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, গতকাল দুপুরে উপজেলার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আব্দুস সাত্তারের রিকশা গ্যারেজে রবিউল হোসেন (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রবিউল রিকশাচালক ছিলেন। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।