বন্দরে শটগান ও মদসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে পাঁচটি গুলিভর্তি একটি শটগান ও একটি বিদেশি মদের বোতলসহ মোরশেদ (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার ভোর পৌনে চারটায় একটি মাইক্রোবাসসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, গতকাল ভোর পৌনে চারটার দিকে লাঙ্গলবন্দ বাজার রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় লাল রঙের একটি (ঢাকা-ম-৫৮) নোয়া মাইক্রোবাস তল্লাশিকালে ভেতরে সিটের নিচে লুকিয়ে রাখা নতুন গুলিভর্তি একটি শটগান ও ভতকা ব্র্যান্ডের বিদেশি একটি মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ডেমরা সারুলিয়া এলাকার জুয়েল মোল্লার ড্রাইভার তিনি।
গ্রেপ্তার মোরশেদ লাঙ্গলবন্দ যুগীপাড়া গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও বিশেষ ক্ষমতা
আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।