বন্দরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ আহত ২০, সড়ক অবরোধ
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে পারটেক্স বোর্ড মিলের শ্রমিকেরা গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন। অবরোধ ও সংঘর্ষের কারণে মহাসড়কের ছয় কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কয়েক দিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পারটেক্স বোর্ড মিলের শ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল সকাল সাড়ে আটটায় তাঁরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের হরিপুর এলাকায় অবস্থান নিয়ে তাঁরা অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা সড়কের ওপর কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। ওই সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে নয়টার দিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোরশেদ ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।
রিপন নামের আহত এক শ্রমিক অভিযোগ করেন, ছয় মাস আগেই বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় মালিকপক্ষ। ঘোষণা দেওয়ার পরও মিল কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। বেতন বাড়ানোর কথা জানালেই মালিকেরা শ্রমিকদের চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছিলেন।
পারটেক্স বোর্ড মিলের মহাব্যবস্থাপক (জিএম) কামরুজ্জামান দাবি করেন, ‘শ্রমিকদের আন্দোলন অযৌক্তিক। বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি শ্রমিকেরা লিখিতভাবে জানাননি। জানালে আমরা ব্যবস্থা নিতাম। তবে কিছু শ্রমিককে নিয়মিত করার চিন্তাভাবনা চলছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে শ্রমিকদের বার্ষিক ভিত্তিতে বেতন (ইনক্রিমেন্ট) বাড়বে।’ মালিকপক্ষ ছয় মাস আগে বেতন-ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছিল কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। পুলিশের মধ্যস্থতায় বিকেলে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে বৈঠকে সমঝোতা হয়।