বন্দরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার বন্দরের মিনারবাড়ি এলাকার রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্টিল মিলের পেছনে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার বন্দর থানায় মামলা হয়েছে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) তালেব হোসেন জানান, উপজেলার মদনপুর এলাকার বখাটে রাকিবুল হাসান, সোনাচড়া এলাকার জহিরুল ও ইকবাল নামের তিন তরুণ দীর্ঘদিন ধরে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি অনুষ্ঠানে যাওয়ার জন্য পারলারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। মদনপুর-মদনগঞ্জ সড়কে এসে ইজিবাইকে উঠলে রাকিবুল, জহিরুল ও ইকবাল তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে মিনারবাড়ি এলাকার রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্টিল মিলের পেছনে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই তালেব হোসেন।