বন্দরে ২৫ গ্রামে ডাকাত-আতঙ্ক
নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাতির আশঙ্কার কথা গত মঙ্গলবার উপজেলার ২৫ গ্রামের মাইকে ঘোষণা করা হয়। এরপর গ্রামগুলোর বাসিন্দারা রাত জেগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাহারা দেন। পুলিশ বলছে, গ্রামে ডাকাতির আশঙ্কার বিষয়টি ছিল গুজব।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, আগে থেকেই উপজেলায় ডাকাত প্রবেশের গুজব ছিল। নয়ানগর এলাকায় মঙ্গলবার রাতে চার-পাঁচজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। স্থানীয় লোকজন তাঁদের ডাকাত বলে সন্দেহ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি ঘোষণা দেন। এর পরপরই পার্শ্ববর্তী গ্রামের মানুষ নিজ নিজ মসজিদের মাইকে একই ঘোষণা দেন। এভাবে বন্দরের প্রায় ২৫টি গ্রামে একই ঘোষণা দেওয়া হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসী রাত জেগে পাহারা দিলেও কোনো ডাকাতকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি রাতে বন্দরের মুকফুলদি নয়ানগরের দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জনতা ঘটনার রাতেই মাইকে ঘোষণা দিয়ে তিনজনকে ধরে পুলিশে দেন। পুলিশও পরদিন আরও দুজনকে আটক করে। এর সূত্র ধরে নয়ানগর থেকে ডাকাত-আতঙ্ক শুরু হয়। এভাবে মঙ্গলবার রাতে কলাগাছিয়া, মুকফুলদি, চৌধুরীবাড়ি, কুশিয়ারা, তিনগাঁও, নবীগঞ্জ, বাগবাড়ি, কদমরসুল, নূরাবাগ, রসুলবাগ, ইসলামবাগ, ঘারমোড়া, নিশং, কল্যান্দী, কলাবাগ, শাহী মসজিদ, হাফেজীবাগ, চিতাশাল, থানবাড়ি, একরামপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।