অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে চার দালাল এবং আট যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল বিকেলে ‘এমভি পোর্টে গ্রান্ডে’ জাহাজে করে নিয়মিত টহল দেওয়ার সময় একটি মাছ ধরার নৌকা দেখে সন্দেহ হয় বাহিনীর সদস্যদের। এ সময় নৌকাটি থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তা উপেক্ষা করে মাঝিরা নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে নৌকাটি থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে নৌকা থেকে ১২ জনকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ‘এমভি পোর্টে গ্রান্ডের’ অধিনায়ক লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন।
যোগাযোগ করা হলে লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘নৌকায় থাকা আট যাত্রীকে সেন্ট মার্টিনের অদূরে মালয়েশিয়াগামী আরেকটি নৌকায় তুলে দেওয়ার কথা ছিল চার দালালের। পথে কক্সবাজার উপকূল থেকে আরও কয়েকজনকেও এই নৌকায় তোলার কথা ছিল। ভুক্তভোগী ও দালালদের জিজ্ঞাসাবাদ করে এ তথ্য জানা গেছে।’
উদ্ধার হওয়া আট যাত্রী হলেন নরসিংদীর মো. রোককন, ধানা মিঞা ও মো. শরীফ, ময়মনসিংহের মো. জুনায়েদ ও নুরুল ইসলাম, মাগুরার মো. শাহীন, বগুড়া তমিজ উদ্দিন ও চট্টগ্রামের সৈয়দ আমিন। আটক চার দালালের বাড়ি কক্সবাজারে। তাঁরা হলেন মো. মোক্তার, মো. রশীদ, মো. হাসেম ও জোবায়ের।
আবদুল্লাহ আল মামুন জানান, আটক দালাল ও যাত্রীদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।