নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। গত সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে কোনো পণ্য খালাস হয়নি। একইভাবে বন্দর থেকে সারা দেশেও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
মজুরি বাড়ানোর দাবিতে নৌযান শ্রমিকদের ‘নৌশ্রমিক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনার ক্ষতিপূরণ প্রদান, নদীর নাব্যতা রক্ষা ও নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করা। তেল পরিবহনকারী ট্যাংকার মালিকেরা মজুরি বাড়ানোর কারণে ট্যাংকার শ্রমিকেরা কর্মবিরতির বাইরে ছিলেন। তবে যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী লাইটার জাহাজের শ্রমিকেরা এই কর্মসূচির আওতায় রয়েছেন।
চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী বড় জাহাজ থেকে লাইটার জাহাজের পণ্য স্থানান্তর করে পরিবহন করতে হয়। লাইটার জাহাজের শ্রমিকেরা কর্মবিরতিতে যাওয়ায় ৩৫টি জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। তবে জেটিগুলোতে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক ছিল।
বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরের জন্য লাইটার জাহাজ বরাদ্দ দেয় ওয়াটার ট্রান্সপোর্ট সেল নামের একটি বেসরকারি সংস্থা। এই সংস্থার কর্মকর্তারা বলেন, বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর করে দেশের নানা ঘাটে গতকাল ৬৮১টি জাহাজ পণ্য নিয়ে অবস্থান করছিল। এসব জাহাজে পণ্য খালাস হয়নি। কর্মবিরতির কারণে আমদানিকারকেরাও কোনো জাহাজ বরাদ্দ নেয়নি।
নৌশ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মজুরি বাড়ানোর দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে।’ কর্মসূচি পালন করা হলেও কেউ আলোচনার জন্য তাঁদের ডাকেনি বলে তিনি জানান।