বন্দরের বহির্নোঙর থেকে পাঁচ লাখ ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গত বুধবার গভীর রাতে র্যা বের অভিযানে ইয়াবা বড়িসহ ট্রলারের সাত মাঝিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. হান্নান, মো. লোকমান, মো. রাসেল, মো. ইলিয়াছ, মো. ওলিউল্লাহ, মো. রিয়াজ ও মো. ওসমান। মিয়ানমার থেকে ইয়াবার চালানটি মাছ ধরার ট্রলারে করে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছিল।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পতেঙ্গায় র্যা ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ২০ কোটি টাকা। বন্দরের বহির্নোঙরে মাছ ধরার ট্রলারে ড্রামের ভেতর কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, আটক মাঝিদের জিজ্ঞাসাবাদ করে ইয়াবা পাচারের সঙ্গে কারা জড়িত তা বের করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার বড় চালান আসছে। স্থলপথে আসছে ছোট চালান। সমুদ্রপথে ইয়াবার চালান বন্ধে র্যা ব কাজ করছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে পতেঙ্গা থানায় মামলা করা হবে।