বন্দিশিবিরে লোহার খাঁচা, হাড়গোড়, কাঁটাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার পারলিস প্রদেশের পার্বত্য গহিন জঙ্গলে কবর খুঁড়ে গতকাল একজনের দেহাবশেষ তুলে আনে পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল l ছবি: এএফপি
মালয়েশিয়ার পারলিস প্রদেশের পার্বত্য গহিন জঙ্গলে কবর খুঁড়ে গতকাল একজনের দেহাবশেষ তুলে আনে পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল l ছবি: এএফপি

মালয়েশিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী দুর্গম পার্বত্য এলাকায় সদ্য সন্ধান পাওয়া সন্দেহভাজন বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের ১৩৯টি কবর পর্যায়ক্রমে খোঁড়ার কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এ কাজ শুরু হওয়ার পাশাপাশি সাংবাদিকদের পরিদর্শন করা মানব পাচারকারীদের একটি বন্দিশিবিরে দেখা মেলে মানুষের হাড়গোড়, কাঁটাতার ও লোহার খাঁচা।
এসব আলামতের মধ্য দিয়ে এই ইঙ্গিতই মিলছে, পাচারকারীদের খপ্পরে পড়ে বন্দিশিবিরগুলোতে আসা হতভাগ্য অভিবাসীদের নিষ্ঠুর নির্যাতন করা হতো। এতে মারা গেলে বন্দিশিবিরের কাছাকাছি স্থানে দেওয়া হতো মাটিচাপা।
এদিকে ইন্দোনেশিয়া গতকাল জানিয়েছে, সেখানকার কয়েকটি আশ্রয়শিবিরে ঠাঁই পাওয়া বাংলাদেশি অভিবাসীদের খুব শিগগির দেশে ফেরত পাঠানো হচ্ছে। খবর এএফপি, রয়টার্স ও দ্য স্ট্রেইট টাইমসের।
মালয়েশিয়ার উত্তরের পারলিস প্রদেশের গহিন জঙ্গলে আবিষ্কৃত কবরগুলোর কয়েকটির খননকাজ ও পাচারকারীদের একটি বন্দিশিবির পরিদর্শনে গতকাল সাংবাদিকদের নিয়ে যায় কর্তৃপক্ষ। সঙ্গে তাঁদের নিরাপত্তায় ছিলেন কিছু পুলিশ সদস্য।
জঙ্গলে ওত পেতে থেকে পাচারকারীরা আক্রমণ করতে পারে—এই আশঙ্কায় সাংবাদিকদের আগেভাগেই প্রয়োজনীয় কিছু পরামর্শ দিয়েছিল পুলিশ। বলেছিল, কোনো গোলাগুলির শব্দ শুনলে তাঁরা যেন মাটিতে শুয়ে পড়েন। পরে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের কেবল একটি বন্দিশিবির ও কয়েকটি কবর প্রায় চার ঘণ্টা ধরে ঘুরে দেখানো হয় তাঁদের।
সবুজ ঘন বনের ভেতর পাচারকারীদের তৈরি মজবুত একটি মেঠোপথ ধরে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয় ছোট আকারের ওই বন্দিশিবিরে। গাছপালা কেটে খানিকটা স্থান ফাঁকা করে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে ঘরের আদলে বানানো হয়েছে এর অবকাঠামো। তার চারপাশ ঘেরা হয়েছে কাঁটাতারের বেড়ায়। মাটিতে বিছানো রয়েছে ত্রিপল।
এই বন্দিশিবিরের কাছেই কবর খোঁড়ায় সহায়তা করতে বেলচা এবং দেহাবশেষ বহনের কাজে সাদা ব্যাগ বয়ে বেড়াচ্ছিলেন পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পর কবর থেকে এক ব্যক্তির লাশ তুলে কাফনে পেঁচিয়ে নিয়ে আসেন কয়েকজন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বাহার বলছিলেন, ওই বন্দিশিবিরের স্থান থেকে ৩৭টি কবর খুঁজে পেয়েছেন তাঁরা। যতক্ষণ খনন চালানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত পেয়েছেন একজনের লাশ। পুলিশ জানায়, থাই সীমান্তসংলগ্ন স্থান থেকে তারা মোট ১৩৯টি কবর ও ২৮টি বন্দিশিবিরের সন্ধান পেয়েছে। এই জঙ্গলের প্রত্যন্ত সব স্থানে ঠিক কতজনকে মাটি চাপা দেওয়া হয়েছে, তাদের কাছে এর সঠিক পরিসংখ্যান নেই।
পরিদর্শনকারী সাংবাদিকেরা জানান, গতকাল তাঁদের পরিদর্শনের আগেই কার্যত ওই বন্দিশিবিরটি পরিষ্কার করে ফেলা হয়। তারপরও সেখানে পড়ে ছিল এক ব্যক্তির নিচের চোয়ালের হাড় ও কয়েকটি দাঁত। আরও ছিল নিচু লোহার খাঁচার মতো একটি জিনিস। ধারণা করা হচ্ছে, এতে অভিবাসীদের আটকে নির্যাতন করা হতো। চারপাশে বাতাসে ভাসছিল দেহাবশেষের পচা গন্ধ।
নামাজের সময় হলে এই বন্দিশিবির থেকেই শোনা যাচ্ছিল আজানের ধ্বনি। এতে মনে হয়, জঙ্গলের এই বন্দিশিবির থেকে গ্রাম খুব একটা দূরে নয়। বন্দিশিবিরে আটক অভিবাসীদের খাবার হয়তো ওই গ্রাম থেকেই নিয়ে আসত পাচারকারী চক্রের সদস্যরা।
সাংবাদিকেরা আরও জানান, পুলিশ তাঁদের কয়েকটি বন্দিশিবিরের ছবিও দেখিয়েছে। সেগুলোতে এই আভাসই মেলে, বন্দিশিবিরে ছিল ছোট বাচ্চারাও। একটি ছবিতে সবে হাঁটতে শিখেছে—এ রকম শিশুর এক জোড়া স্যান্ডেল এবং একটা খেলনা ভালুক দেখা যায়।
ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের: নৌকায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া অভিমুখে পাড়ি জমানোর পর সম্প্রতি ইন্দোনেশিয়া উপকূলে উদ্ধার হওয়া বাংলাদেশি অভিবাসীদের শিগগিরই দেশে ফেরত পাঠাচ্ছে জাকার্তা।
জাকার্তায় ইন্দোনেশিয়ার জাতীয় অভিবাসন কার্যালয়ের অন্যতম পরিচালক মির্জা ইস্কান্দার দ্য স্ট্রেইট টাইমসকে দেওয়া এক বক্তব্যে দাবি করেন, ‘বাংলাদেশ সরকার তার সব নাগরিককে ফেরত নিতে প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রক্রিয়ায় ইন্দোনেশিয়া তার সর্বোচ্চ সহায়তা দেবে।’
বাংলাদেশিদের কবে ফেরত পাঠানো হবে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘এক সপ্তাহে হবে না, দুই বা তিন সপ্তাহ লাগতে পারে।’
খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের আশ্রয়শিবিরে আট শতাধিক ও উত্তর সুমাত্রায় আরও ৫৬ বাংলাদেশি অভিবাসী রয়েছেন। সপ্তাহ খানেক আগে সুমাত্রার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে মিয়ানমারের সহস্রাধিক রোহিঙ্গা অভিবাসীর সঙ্গে এসব বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছিলেন জেলেরা।