
আকারে চশমার বাক্সের মতো। রং কালো। দেখে মনে হয়, কোনো বাক্স বা সরঞ্জাম। আসলে এটি হাতে তৈরি দোনলা বন্দুক। এর গুলিও হাতে তৈরি। গত সোমবার গাজীপুরের টঙ্গীতে জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২১ জন বন্দীকে বহনকারী প্রিজন ভ্যানে হামলাকারীর কাছ থেকে উদ্ধার হয় এই অস্ত্র, গুলি এবং হাতে তৈরি দুই ধরনের বোমা, গ্রেনেড, সার্কিট ইত্যাদি।
মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় গ্রেপ্তার দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে হাতে তৈরি গ্রেনেড। পুলিশের বোমা বিশেষজ্ঞরা বলছেন, এগুলো আগে উদ্ধার করা হাতে তৈরি গ্রেনেড ও বোমার চেয়ে অনেক শক্তিশালী।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন পদস্থ কর্মকর্তা বলেন, এই অস্ত্র, গুলি, বোমা, গ্রেনেড জঙ্গিরা নিজেরাই বানাচ্ছে। জঙ্গিদের এই বন্দুক, গুলি, হাতে তৈরি গ্রেনেড তাদের চিন্তায় ফেলেছে। বিশেষ করে হাতে গুলি তৈরি করা খুব দক্ষতা ছাড়া সম্ভব নয়। এই জঙ্গিদের ধরতে না পারলে এগুলো বন্ধ হবে না। তাই তাদের ধরার চেষ্টা চলছে।
ওই কর্মকর্তা বলেন, হাতে তৈরি গুলি উদ্ধারের ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একটি আস্তানা থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জাম ও হাতে তৈরি অর্ধসমাপ্ত শতাধিক গুলি উদ্ধার করা হয়। গুলিগুলোর অগ্রভাগ ও খোসা পৃথক করা অবস্থায় ছিল। এগুলো জোড়া দিলেই পূর্ণাঙ্গ গুলি হতো। তার আগেই সেখানে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন কর্মকর্তা বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা এক জঙ্গির তথ্যমতে বাড্ডার সাঁতারকুলে একটি বাসায় অভিযানকালে ডিবি পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় হয়। একজন পুলিশ পরিদর্শককে কুপিয়ে আহত করে জঙ্গিরা। সেখান থেকে গ্রেপ্তার দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও দক্ষিণখানে অভিযান চালিয়ে অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও বিভক্ত অবস্থায় গুলি পাওয়া গিয়েছিল।
বাক্স আকৃতির দোনলা বন্দুক
পুলিশ বলেছে, সোমবার টঙ্গীতে মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার সময় ধরা পড়েন মোস্তফা কামাল নামের এক তরুণ। তাঁর কাছে হাতে তৈরি বন্দুক, গুলি, পাঁচটি হাতবোমা (আইইডি), দুটি চাপাতি, দুটি পেট্রলবোমা, একটি হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়। বন্দুকটি দেখতে চশমার বাক্স বা পুলিশের ওয়্যারলেস আকৃতির। পেছনের দিকে দুটি চাবির রিং লাগানো। এগুলোই ট্রিগার। গুলি ভরে এগুলো ধরে টান দিলেই ‘ফায়ার’ হবে।

এ প্রসঙ্গে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, মোস্তফা কামালের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও¿গুলির সবই দেশে ও হাতে তৈরি। বন্দুকটি দেখে ধারণা করা হচ্ছে, তাদের নিজস্ব কোনো লেদ মেশিন রয়েছে অথবা তাদের সঙ্গে জড়িত কেউ লেদে গোপন পরিচয়ে কাজ করে।
গাজীপুরের পুলিশ বলেছে, মোস্তফার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার নরসিংদীর একটি মাদ্রাসা থেকে মিনহাজুল নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত হোসেন বলেন, মোস্তফা ও মিনহাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের বোর্ডবাজার এলাকার একটি বাড়িতে বুধবার রাতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে তাঁরা প্রশিক্ষণ নিতেন। সেখানে কিছু ডামি বোমা পাওয়া গেছে। এগুলো দিয়ে বোমা ছোড়ার প্রশিক্ষণ দেওয়া হতো। ভোগড়া এলাকায় তাঁরা একটি বাসা ভাড়া নেন। তবে ওই বাসায় এক দিনও তাঁরা থাকেননি। বাসাটি বিপদের আশ্রয়স্থল হিসেবে ভাড়া নিয়ে রেখেছিল বলে মনে হয়।
কুমিল্লার হাতে তৈরি শক্তিশালী গ্রেনেড
মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশিতে পুলিশ বাস থামালে দুই জঙ্গি বাস থেকে নেমে বোমা নিয়ে পুলিশের ওপর হামলা করে। ওই দুই জঙ্গিকে পুলিশ ও জনতা আটক করে। তাদের একজন ঢাকার আহমেদ আজওয়াদ ইমতিয়াজ তালুকদার ওরফে অমি, তাঁর বাবা সেনা কর্মকর্তা। আরেকজন মাহমুদ হাসানের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
ওই দুজন পুলিশের দিকে যে ছয়টি হাতে তৈরি গ্রেনেড ছুড়েছিলেন, সেগুলো অনেক শক্তিশালী ও উন্নত প্রযুক্তির বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার ও বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান ছানোয়ার হোসেন।