বন্দুক ঠেকিয়ে গুলি করা দুই যুবকের একজনের মৃত্যু
যশোরে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশ যে দুই তরুণের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছিল বলে অভিযোগ উঠেছে, তাঁদের একজন আজ শনিবার দুপুরে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত যুবকের নাম হাফিজুর রহমান সোহেল (২৩)। তিনি যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে। গুলিবিদ্ধ আরেক তরুণের নাম মিজানুর রহমান। তিনি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হাফিজুরের স্বজন ও ঢাকা মেডিকেল সূত্র জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর ১৩ নভেম্বর ভোরে হাফিজুর ও মিজানুরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। অবস্থার অবনতি ঘটায় হাফিজুরের পরিবার তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশি নিরাপত্তায় তাঁকে ২০ নভেম্বর রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। ওই দিনই হাফিজের বাঁ পা কেটে ফেলা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা তিনটার দিকে হাফিজ মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে হাফিজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় হাফিজুরের বাবা হারুনুর রশিদ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন হাফিজুরের বড় ভাই মাসুদুর রহমান ও চাচাতো বোন পুতুল।
১৩ নভেম্বর ভোরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন নার্সারিপট্টি এলাকায় দুই তরুণের পায়ে গুলি করার ওই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, দুজনই ছিনতাইকারী। তাঁরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে বোমা হামলা চালান। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে হাফিজুর ও মিজানুর পায়ে গুলিবিদ্ধ হন। তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি, তিনটি হাতবোমা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।
তবে হাফিজুর ও মিজানুরের পরিবারের দাবি, পুলিশ এ দুজনকে বাড়ি থেকে ধরে এনে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে তাঁদের ফাঁসানোর চেষ্টা করেছে।