বন্দুক দিয়ে পিটিয়ে চার শ্রমিককে আহত করলেন যুবলীগ নেতা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিজের শটগানের বাঁট দিয়ে পিটিয়ে চার শ্রমিককে আহত করেছেন। গতকাল শনিবার স্থানীয় এক শ্রমিকনেতার বাড়িতে এ মারপিটের ঘটনা ঘটে। যমুনা সার কারখানার শ্রমিক ছাঁটাই নিয়ে এ বিরোধ বলে আহত শ্রমিকনেতার স্ত্রী অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় যুবলীগ নেতা রফিকুল দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক সরবরাহের ঠিকাদার হিসেবে কাজ করেন। এরই জের ধরে গতকাল সকাল সাতটার দিকে কয়েকজন সঙ্গী নিয়ে তিনি কারখানার সার পরিবহন শ্রমিক সর্দার আজাহার আলীর ডুরিয়ারভিটা গ্রামের বাড়িতে যান। সেখানে তখন শ্রমিকনেতার পরিবারের সদস্যরা ছাড়াও রাতের পালায় কাজ করে আসা কয়েকজন শ্রমিক অবস্থান করছিলেন। যুবলীগ নেতার ডাকে শ্রমিক সর্দার ঘর থেকে বেরিয়ে এলে নিজের শটগান দিয়ে তাঁকে পেটাতে থাকেন রফিকুল। আকস্মিক হামলায় গুরুতর আহত আজাহারকে বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে যুবলীগ নেতা ও তাঁর সমর্থকেরা বাধা দেন। এ সময় আরও তিন শ্রমিককে পিটিয়ে আহত করেন যুবলীগ নেতার লোকজন। পরে পুলিশের সহায়তায় শ্রমিক সর্দারকে হাসপাতালে নেওয়া হয়।
আজাহারের স্ত্রী সুফিয়া বেগম অভিযোগ করেন, ‘আমাদের বাড়িতে ঢুইকা আমার স্বামীরে বন্দুক দিয়া পিটাইছে যুবলীগ নেতা রফিক আর তার ভাই শফিক। বন্দুকের ভয়ে আমরা তাগো সামনেই যাইতে পারি নাই। পরে হাসপাতালে নেওয়ার সময়ও হেরা বাধা দেয়।’
শ্রমিকনেতার স্ত্রী আরও বলেন, ‘আমার স্বামী সাবেক সাংসদ মুরাদ হাসানের লোক। কারখানায় আমার স্বামীর দেওয়া লোক বাদ দিয়া যুবলীগ নেতা রফিকুল এখন নিজের লোক ঢুকাইতে চাইতাছে।’
যুবলীগ নেতা রফিকুল বলেন, ‘আমার শ্রমিক লিটন মিয়া গতকাল ভোরে কারখানায় যাওয়ার পথে তার পা পিটিয়ে ভেঙে দিয়েছে আজাহারের লোকেরা। তাই আমরাও আজাহারকে পিটিয়েছি।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান বলেন, কোনো মামলা না হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।