বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ 'ডাকাত' গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কাশিনগর গ্রামে গতকাল সোমবার রাতে পুলিশ ও ‘ডাকাতদের’ মধ্যে বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মো. হারুন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
রামগঞ্জ থানার পুলিশ জানায়, কাশিনগর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত—এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশ কনস্টেবল উষা ধন চাকমা ও নেছার আহম্মেদ আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত’ হারুনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, ছয়টি গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে রামগঞ্জ থানায় একাধিক মামলা আছে। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রামগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।