ঈদের আগের দিন খুলনার পাইকগাছা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে ১৩ বনদস্যু নিহত হওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী, নিহত ব্যক্তিদের পরিবার এবং এসব লাশ দাফনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, এঁদের প্রত্যেকের হাত-পা ছিল ভাঙা। অনেকের বুকের পাঁজর এবং মুখ-মাথাও ছিল থেঁতলানো। এমনকি পুলিশের হাতে তুলে দেওয়ার আগে গণপিটুনিতে ‘প্রায় মৃত’ ১১ জনকে পায়ে টানা ভ্যানে স্তূপ করা অবস্থায় নিয়ে ট্রলারে তোলা হয়। তাঁরা বলছেন, এ অবস্থায় এঁরা কীভাবে বন্দুকযুদ্ধে লিপ্ত হলেন? আর এঁদের ছাড়িয়ে নিতে কাশেম বাহিনীর যারা এসেছিল, তাদের কেউ আহত বা নিহত না হয়ে শুধু এঁরাই বা মরলেন কেন?
৫ অক্টোবর সংঘটিত এ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য প্রথম আলোর এই প্রতিবেদক নিহত ১৩ জনের মধ্যে নয়জনের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন, যাঁদের সবার বাড়ি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
জিরবুনিয়া গ্রামটির চারদিক নদী পরিবেষ্টিত। জিরবুনিয়া এবং হাবড়খালী নদীর ওপারের গ্রাম বিগরদানার বাসিন্দারা জানান, জিরবুনিয়ার বাসিন্দা স্কুলশিক্ষক যতীন্দ্রনাথ ঢালীকে অপহরণ করতে ১২-১৩ জনের সশস্ত্র বনদস্যুর একটি দল ঈদের আগের দিন রাত তিনটার দিকে তাঁদের বাড়িতে যায়। কিন্তু দস্যুদের উপস্থিতি টের পেয়ে যতীন্দ্রনাথ পালিয়ে গেলে দস্যুরা তাঁর আরেক ভাই প্রশান্ত কুমার ঢালীকে অপহরণ করে। কিন্তু ফিরতি পথে প্রশান্তদের বাড়ির মুখেই শিবসার শাখা নদে ভাটার টান এলে সেখানে দস্যুদের ট্রলার চরে আটকে যায়। এ অবস্থায় তাঁরা চরে নেমে পাশের নদী হাবড়খালী চৌমুহনী এলাকা থেকে জেলে নৌকা করে নদী পার হওয়ার চেষ্টা করেন। এভাবে বিগরদানা করাত কলের কাছে পৌঁছাতে সকাল হয়ে গেলে দস্যুরা প্রশান্তকে ছেড়ে দিয়ে নিজেদের মতো করে পালানোর চেষ্টা করেন। তবে সেদিন রাতে দুর্গাপূজা উপলক্ষে বিগরদানা ইউনিয়ন কাউন্সিল থেকে পূর্বদিকে হাটবাড়ি স্কুল ময়দানে যাত্রাপালা চলছিল। সকালবেলা দর্শকেরা বাড়ি ফেরার পথে একই দিক থেকে পালিয়ে যেতে থাকা কয়েক দস্যুকে আটকে ফেলেন। আর ততক্ষণে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে অন্যান্য স্থান থেকেও লোকজন বেরিয়ে এসে বাকি দস্যুদের ধাওয়া দেন। এ সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশও যোগ দেয়।
এ বিষয়ে বিগরদানার দেলুটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আবদুল জলিলের ভাষ্য, সেদিন রাতে আগে থেকেই খবর পেয়ে তাঁর বাহিনী দুটি দলে ভাগ হয়ে নদী পার হয়ে আসা দস্যুদের ধরতে তৎপর ছিল। এ অবস্থায় সকালের দিকে এলাকার আকবরের খেয়াঘাট এবং ফুলবাড়ি বাজারের মাঝামাঝি একটি ফাঁকা জায়গায় কয়েকজন দস্যুর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এতে করে সেখানেই কারিমুল (৪০) এবং হবি (৪২) নামের দুজন দস্যু গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর গ্রামবাসী এলাকার বিভিন্ন স্থান থেকে বাকিদের ধরে গণপিটুনি দিয়ে তাঁদের কাছে সোপর্দ করে।
আবদুল জলিলের ভাষ্য অনুসারে গ্রামবাসীর হাতে আটক হওয়ার আগেই বন্দুকযুদ্ধে নিহত হবি ওরফে হাবিবুর সর্দারের স্ত্রী কবিতা সরদার ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের তেলিখালী গ্রামে নিজ বাড়িতে বসে বলেন, ‘অর হাত-পাও ছিল ভাঙ্গা। দাঁত নাই গালে একটাও। প্যাটের চামড়া উঠানো। ডাইন পাঁজরার দিকি একটা গুলির দাগ।’
গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর অস্ত্র উদ্ধারের নামে সুন্দরবনের ভেতর অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত খর্ণিয়া ইউনিয়নের টিপনা গ্রামের আখিরুল ইসলাম শেখ, আফজাল হোসেন শেখ, নাসরুল শেখ ও শফিকুল শেখের লাশও হাত-পা ভাঙা অবস্থায় পেয়েছেন তাঁদের স্বজনেরা। গত শুক্রবার বাড়ির উঠানে দাঁড়িয়ে আখিরুলের বাবা আক্ষেপ করে বললেন, ‘অপরাধ করিছে তো জেল হোক, যাবজ্জীবন হোক। তাই বলি ক্রসফায়ারে মারতি হবে?’
ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা গ্রামের রুবেল শেখ ও জুনায়েদ খানের অবস্থাও ছিল একই রকম। জুনায়েদের বোন সুরাইয়া আফরোজ জানালেন, তাঁর ঘাড়টাও ছিল ভাঙা।
রুবেলের চাচাতো ভাই মো. মহসীন হোসেন শেখ লাশ সংগ্রহ করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তিনি বলেন, ‘লাশ শনাক্ত করি আনতি আমি মেডিকেলে গিছিলাম। ওই জায়গায় প্রত্যেকটা লাশের হাত-পা ভাঙা ছিল। তিন-চারজনের চোখ নষ্ট।’
তিনি আরও বলেন, ‘ক্রসফায়ারের নাম করে এটা নাটক হইছে। পুলিশ বলতিছে কাশেম বাহিনীর লোক এদের ছিনায়ে নিতি আসছিল। তালি ওদের (কাশেম বাহিনীর) কেউ মইরলো না ক্যান? ওদের কারুর গুলি লাগিছে বলিও তো শুনিনি।’
দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ হালদার তাঁর কার্যালয়ে বসে বলেন, আটক হওয়া ১১ জনের অবস্থা খুব ‘সুবিধার’ ছিল না। তিনি দাবি করেন, তাঁদের মধ্যে পাঁচ-ছয়জনের হাত-পা ভাঙা ছিল। তাঁদের সবাইকে টানা ভ্যানে স্তূপ করা অবস্থায় পুলিশ নিয়ে যায়।
এ ছাড়া বিগরদানা গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পুলিশের কাছে হস্তান্তরের সময় আটক হওয়া দস্যুদের কারও অবস্থাই ‘দাঁড়ানোর’ মতো ছিল না।
এদিকে ওই কথিত বন্দুকযুদ্ধে নিহত আপন দুই ভাই হচ্ছেন ডুমুরিয়ার শরাফপুর দক্ষিণপাড়ার মহসীন মোল্লা ও ইব্রাহিম মোল্লা। তাঁদের স্বজন ও প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা যায়, মহসীনের নামে এর আগেও ডাকাতির মামলা ছিল। কিন্তু ইব্রাহিমকে সবাই ‘ভালো’ বলেই জানতেন। এ ঘটনায় তাঁদের পরিবার মহসীনের লাশ শনাক্ত করতে পারলেও ইব্রাহিমেরটা পারেননি। ইব্রাহিমদের আরেক ভাই রমজান মোল্লা জানান, মহসীনকে তাঁরা চিনেছেন হাতের আংটি আর পরনের লুঙ্গি দেখে। দুটো লাশ সরকারিভাবে দাফন করা হয়েছে। কিন্তু মুখমণ্ডল থেঁতলানো থাকায় ওই দুটো লাশের মধ্যে কোনটি তাঁর ছোট ভাই ইব্রাহিমের সেটা তাঁরা বুঝতে পারেননি।
প্রতিবেশীরা বলছেন, এই নয়জনের মধ্যে আখিরুল, হবি এবং মহসীন আগে থেকেই ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বাকি যে ছয়জন তাঁদের সম্পর্কে কখনো খারাপ কিছু শোনেননি তাঁরা। বরং এ ঘটনার সঙ্গে তাঁদের যুক্ত হওয়ার খবরে তাঁরা অবাকই হয়েছেন। আর কারিমুলের পরিবারের কারুর সঙ্গে কথা বলা সম্ভব না হলেও প্রতিবেশীদের বক্তব্য, তিনি লম্বা সময় ধরেই এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অস্ত্র উদ্ধারের অভিযানের সময় আটককৃতদের শারীরিক অবস্থা কেমন ছিল জানতে চাইলে অভিযানে থাকা পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কথা বলা নিষেধ আছে।’ ‘সঠিক’ তথ্যের জন্য জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আমি ওই সময়ে স্পটে উপস্থিত ছিলাম না। এটা তো ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যায়।’
গুরুতর আহত কোনো ব্যক্তির পক্ষে বন্দুকযুদ্ধে অংশ নেওয়া সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যখন ও রকম হয় পুলিশ তখন শেল্টারে ছিল।’ এ অবস্থায় আসামিরা পালিয়ে যাওয়ার সময় অপর পক্ষের গুলি লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরির সময় উপস্থিত পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
জানতে চাইলে পাইকগাছা ইউএনও মো. কবির উদ্দিন মরদেহগুলোর হাত-পা ভাঙা ধরনের কিছু তাঁর চোখে পড়েনি বলে দাবি করেন।