বন্দুকযুদ্ধের দাবি র‍্যাবের, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলারখাল এলাকায় আজ বৃহস্পতিবার সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তিরা বনদস্যু ‘সাগর-সৈকত বাহিনীর’ সদস্য। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে র‌্যাব।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানিয়েছে র‍্যাব। তাঁরা হলেন সোহেল (২৫) ও সাদ্দাম (২৭)। আপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব দাবি করেছে, তারা ঘটনাস্থল থেকে নয়টি একনলা বন্দুক (এসবিবিএল), একটি এলজি, একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, ছয়টি ধারালো অস্ত্র, গুলি রাখার তিনটি তোষদানি, দশমিক ২২ বোর রাইফেলের ৩৫টি গুলি, বন্দুকের ১৩টি গুলি, পিস্তলের একটি ম্যাগাজিন ও চারটি গুলি, বন্দুকের গুলির ১৮টি খালি খোসা, ১২ ভোল্ট ব্যাটারিসহ একটি সোলার প্যানেল, একটি মুঠোফোন, কিছু নগদ টাকা, মৎস্যজীবীদের কাছ থেকে চাঁদা আদায়ের বেশ কিছু টোকেন ও নিত্য ব্যবহার্য কিছু সামগ্রী উদ্ধার করেছে।

র‌্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলমের ভাষ্য, শরণখোলা রেঞ্জের কাতলারখাল এলাকায় বনদস্যু সাগর-সৈকত বাহিনী রয়েছে—এমন খবরের ভিত্তিতে ভোরের দিকে র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের নেতৃত্বে একটি দল কয়েকটি দলে ভাগ হয়ে ওই এলাকায় পৌঁছায়। সকাল সাতটার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতর থেকে গুলি ছোড়া শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। আধা ঘণ্টা ধরে চলা ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে দস্যুরা পিছু হটে যায়। র‌্যাব সদস্যরা বনের ওই এলাকা তল্লাশি করে তিনটি লাশ ও আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিদের মধ্যে সোহেল ও সাদ্দামকে শনাক্ত করেন।

কর্নেল ফরিদুল আলমের দেওয়া তথ্যমতে, উদ্ধার করা লাশ ও আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। র‌্যাব সেখানে এই ঘটনায় মামলা করবে এবং নিহত ব্যক্তিদের লাশ ও অস্ত্র হস্তান্তর করবে।