বন্দুকযুদ্ধের পর দুই বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বনদস্যু নূর বাহিনীর ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। একপর্যায়ে সন্দেহভাজন দুই বনদস্যু আত্মসমর্পণ করলে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে কলাগাছিয়াসংলগ্ন পশুরতলা খালে র‍্যাব-৮-এর সঙ্গে বনদস্যু নূর বাহিনীর এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, বন্দুকযুদ্ধ শেষে আত্মসমর্পণের পর আটক হয়েছেন নূর বাহিনীর প্রধান নূর ইসলাম ও দ্বিতীয় প্রধান আব্বাস। তাঁদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, একটি কাটারাইফেল ও ৫০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সুন্দরবনে কর্মরত কয়েকজন জেলের ভাষ্য, আজ সকালে সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু নূর বাহিনীর গোপন আস্তানায় অভিযান শুরু করে র‍্যাব। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।

নাম প্রকাশ না করে কয়েকজন জেলে বলেন, বনদস্যুদের দল জোনাব বাহিনী থেকে বেরিয়ে নূর বাহিনী গঠিত। বাহিনীটি সাতক্ষীরা এলাকায় সুন্দরবনে কর্মরত জেলেদের জিম্মি করে টাকা আদায় করছিল।

র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আটটার দিকে অভিযান শুরু করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৮-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জসিমউদ্দিন। উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি করে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে বনদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়। নূর বাহিনীর প্রধান নূর ইসলাম ও দ্বিতীয় প্রধান আব্বাস আত্মসমর্পণ করেন। তাঁদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক হওয়া দুই বনদস্যুকে সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।