মিয়ানমারের সরকারি বাহিনী দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নারী ও কিশোরীদের ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতন চালিয়েছে। গত বছরের শেষ দিকে দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে অভিযান চালানোর সময় এসব নির্যাতন চালানো হয়। এ সময় বন্দুকের নলের মুখে রেখে ধর্ষণের ঘটনাও ঘটিয়েছে সরকারি বাহিনী।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। নির্যাতনে জড়িত সেনাদের বিচারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এইচআরডব্লিউ বলেছে, রাখাইনে রোহিঙ্গা নারী ও কিশোরীদের পরিকল্পিতভাবে ধর্ষণসহ সেনাদের অন্যান্য যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় মিয়ানমার সরকারের অবিলম্বে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত শুরুর অনুমোদন দেওয়া উচিত। সংস্থাটি বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত রক্ষা পুলিশ বাহিনীর সদস্যরা ধর্ষণ, গণধর্ষণ, আক্রমণাত্মকভাবে দেহ তল্লাশি এবং যৌন হামলায় অংশ নেন। গত বছরের ৯ অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর রাখাইনের মংডু জেলার অন্তত নয়টি গ্রামে অভিযানে তাঁরা এসব ঘটনা ঘটান।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা গোষ্ঠীবদ্ধভাবে হামলা চালিয়েছেন। বন্দুকের নলের মুখেও ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। অভিযানকালে জাতিগত বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অপমান করা হয়েছে অনেককে।
এইচআরডব্লিউর জ্যেষ্ঠ গবেষক প্রিয়াঙ্কা মোটাপার্থে বলেন, মিয়ানমারের সেনাসদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অনেক পুরোনো। এবার তাতে নতুন অধ্যায় যোগ করেছে রোহিঙ্গা নারী ও কিশোরীদের বিরুদ্ধে তাঁদের নির্যাতন-সহিংসতা। এসব অপরাধ থেকে অভিযুক্ত সেনাসদস্যদের বিরত রাখা বা শাস্তি দেওয়ার ক্ষেত্রে সামরিক ও পুলিশ কমান্ডাররা যদি তাঁদের ক্ষমতার সব প্রয়োগ না করে থাকেন, তবে তাঁদেরও দায়ী করা উচিত।
গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউর গবেষকেরা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীদের ১৮ জনের সাক্ষাৎকার নিয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন যৌন নির্যাতনের শিকার হয়ে বেঁচে এসেছেন। সাক্ষাৎকার নিয়েছেন ১০ জন পুরুষেরও। যৌন সহিংসতার শিকার হওয়া কয়েকজন নারীসহ ১৭ নারী ও পুরুষ তাঁদের মেয়ে, বোন ও স্ত্রীদের যৌন নির্যাতনের শিকার হতে দেখেছেন।