বন্দোবস্ত দিনমজুরের নামে, ভোগদখলে প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় লুঙ্গি বিক্রেতা সুরুজ মিয়ার নামে দেওয়া একসনা বন্দোবস্ত দেওয়া জমি আওয়ামী লীগের নেতার সহায়তায় ভোগদখল করছেন দুই প্রভাবশালী ব্যক্তি। ২০১১-১২ অর্থবছরে উপজেলার রামকৃষ্ণপুর বাজারে সুরুজ মিয়ার পরিবারকে এ জমি বরাদ্দ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় ব্যক্তিরা জানান, সুরুজ মিয়া বাজারে বাজারে ফেরি করে লুঙ্গি বিক্রি করেন। প্রতিদিন দেড়-দুইশ টাকা আয় হয়। এই আয়ে স্ত্রী ও ছয় ছেলেমেয়েকে নিয়ে তাঁর সংসার চলে। মেয়ে পারভিন আক্তার ২০১১ সালে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। এ খবর শুনে হোমনা উপজেলার তৎকালীন ইউএনও মো. হেলাল হোসেন সুরুজ মিয়াকে রামকৃষ্ণপুর বাজারে রামকৃষ্ণপুর মৌজায় অর্ধ শতাংশ জমি বন্দোবস্ত দেন৷ বন্দোবস্ত পেয়ে ২০১৩ সালের ১৯ আগস্ট ৫৩৭ টাকা ফি পরিশোধ করেন সুরুজ। কিন্তু ওই বছরের অক্টোবর থেকে ওই জমি দখলে নিয়ে দোকান করে প্রভাবশালী ব্যক্তিরা ব্যবসা করছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বাজারের উত্তর দিকের শেষ গলির মাঝামাঝি টিনশেডের একচালা একটি দোকানঘর। দোকানের মাঝামাঝি দেয়াল দিয়ে দুটি অংশে ভাগ করা। পশ্চিম পাশের দোকানে আরিফ মিয়া নামের এক ব্যক্তি পুরোনো টিভি মেরামত করেন। আরিফ মিয়া বলেন, ‘নয় মাস আগে রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও কুয়েতপ্রবাসী আবদুল আজিজ বকুল মিয়ার কাছ থেকে বছরে ২০ হাজার টাকা ভাড়ায় দোকান নিছি।’
দোকানের পূর্ব পাশের অংশটি বন্ধ রয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার চরলোহনিয়া গ্রামের সার ব্যবসায়ী মোতালিব মিয়া ওই দোকানটি নির্মাণ করেছেন। সেখানে তিনি সারের মজুত করেন।
সুরুজ মিয়া বলেন, ‘আমারে ইউএনও স্যার নিজে জায়গাডা দেখাইয়া দিছেন। আর বলছে, “সুরুজ মিয়া, তুমি লুঙ্গি বিক্রি করে মেয়ে পড়িয়েছ, তাই তোমাকে এই ভিটাটা দিলাম। তাতে দোকান করে তার আয় দিয়ে তোমার ছেলেমেয়েকে পড়াইবা।” কিন্তু স্যারে বদলি হইয়া গেছেন। আমি স্যারকে জানাইছি৷ হের পরে স্যারে বলছেন বাশার চেয়ারম্যানকে বলে দিবেন। তার কয়েক দিন পরে আমি বাশার চেয়ারম্যানকে বলছি আমার জায়গাতে দোকান দিমু, আপনে হেরারে কইয়া দেন। তহন বাশার চেয়ারম্যান আমারে কইছে, “বরইগাছের নিচে অন্যরা দোকান দিছে, তুমি নদীর ধারে একটা দোকান দিয়ো।”’
সুরুজ বলেন, ‘বকুল মিয়া আর মোতালিব মিয়ার কাছ থেইকা তিন লাখ টাকা নিয়া বাশার চেয়ারম্যান ওই ভিটা তাঁদের দিয়া দিছে। আমি গরিব মানুষ। হেরার লগে জোরে পারুম না। হের লাইগা দোকানের আশা ছাইড়া দিছি।’
মোতালিব মিয়া বলেন, ‘চেয়ারম্যান ও নায়েব সাব বরইগাছতলার ওই ভিটা আমারে বুঝাইয়া দিছে।’ চান্দেরচর ইউনিয়ন পরিষদের তৎকালীন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘সাবেক ইউএনও হেলাল হোসেন স্যার ও আমি নিজে গিয়ে সুরুজ মিয়াকে বরইগাছের নিচে খালি জায়গা বুঝিয়ে দিয়েছি। এর কয়েক দিন পর আমরা বদলি হয়ে যাই।’
টাকা নিয়ে পছন্দের লোকজনকে বাজারের ওই জমি বুঝিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল বাশার জানান, সুরুজকে অন্য একটি জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল।
বর্তমান ইউএনও আহমেদ জামিল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’