বন্দোবস্ত নেওয়া জমি বুঝে পাননি ভূমিহীন মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেওয়া খাস জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছেন। তাই প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও তাঁরা জমি বুঝে পাচ্ছেন না। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।

ভূমিহীন মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলার ১৫ জন ভূমিহীন মুক্তিযোদ্ধার নামে সরকার প্রায় ১০ একর ২৩ শতক জমি স্থায়ীবন্দোবস্ত করে দেন। কিন্তু তাঁরা কেউ এখনো জমি দখলে নিতে পারেননি। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী তাঁদের জমি দখল করে রেখেছেন।

মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন বলেন, গত বছর গুয়াবাড়ী এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধাকে প্রশাসনের পক্ষ থেকে জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রভাবশালীরা দখল ছাড়েননি।

জমির স্বত্ব বুঝে পাওয়ার জন্য চার মুক্তিযোদ্ধা ২০১৫ সালে পঞ্চগড় জজ আদালতে মামলা করেন। মামলার রায় মুক্তিযোদ্ধাদের পক্ষে গেছে। এই মামলার বাদী খালপাড়া গ্রামের জালালউদ্দিন ও মোহাম্মদ আলী বলেন, ২৮ বছর আগে সরকার তাঁদের নামে ৬৬ শতক জমি স্থায়ী বন্দোবস্ত দিয়েছে। এ জন্য জমির খাজনা পরিশোধ ও নামজারি করেছেন। জমির কাগজপত্র নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু জমি বুঝে পাচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মুল্লুক চাঁদ গ্রামের মুক্তিযোদ্ধা জয়নউদ্দিন বলেন, ‘পাঁচ শতক জমির ওপর ভিটেবাড়ি ছাড়া আর কিছু নেই আমার। ছেলেমেয়ে নিয়ে কোনো রকমে মাথা গুঁজে আছি।’ সরকার তাঁর নামে ৩০ শতক জমি স্থায়ী বন্দোবস্ত দিয়েছে। কাগজ পেয়েছেন, কিন্তু জমি বুঝে পাচ্ছেন না।

দরজিপাড়া গ্রামের বেলাল হোসেন বলেন, ভূমিহীন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সরকার ২০০৩ সালে তাঁর নামে খাস খতিয়ানের এক একর জমি বন্দোবস্ত দেয়। দখলকারীরা জমি ছাড়েন না। উল্টো তাঁরা নানা হুমকি দেন। এ ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমান বলেন, ভূমিহীন এসব মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ করা জমির কিছু অংশ প্রভাবশালীরা দখল করে রেখেছেন। এসব জমি পেতে হলে প্রশাসনিক উদ্যোগ জরুরি।

জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে জমি বুঝিয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে।