গ্রাহকদের ১১টি বন্ধ অ্যাকাউন্ট সচল করে ৭১ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন সিটি ব্যাংকের নয়জন কর্মকর্তা। প্রথমে তাঁরা বন্ধ অ্যাকাউন্টগুলো সচল করেন। এরপর ওই ব্যাংকেই ভুয়া নামে নতুন অ্যাকাউন্ট খুলে টাকা স্থানান্তর করেন। পরে ওই টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এসব তথ্য উঠে এসেছে।
দুদক সূত্র জানায়, দীর্ঘদিন লেনদেন না করায় সিটি ব্যাংকের সিলেট জিন্দাবাজার ও মৌলভীবাজার শাখায় ওই ১১ জন গ্রাহকের ১১টি অ্যাকাউন্ট বন্ধ অবস্থায় ছিল। পরে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কম্পিউটার অপারেটরদের যোগসাজশে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টগুলো সচল করেন। একই সময়ে ব্যাংকটির চট্টগ্রামে আন্দরকিল্লা, বন্দরটিলা ও জুবিলী রোড শাখায় তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে ১১টি অ্যাকাউন্টের টাকা স্থানান্তর করেন। পরে ব্যাংক থেকে সরবরাহ করা এটিএম কার্ড ব্যবহার করে সব টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।
২০১২ সালের ৪ মার্চ রাজধানীর মতিঝিল থানায় ব্যাংকটির অর্থ আত্মসাতের বিষয়ে মামলা করে দুদক। মামলা-পরবর্তী তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।
অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম এ মামলাটি তদন্ত করেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে তাঁরা হলেন দি সিটি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মো. মোস্তাকুর রহমান, জুবিলী রোড শাখার সাবেক ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, আন্দরকিল্লা শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম, বন্দরটিলা শাখার সাবেক ব্রাঞ্চ অ্যান্ড সার্ভিস ম্যানেজার মো. ইকবাল গণি সিদ্দিকী, বন্দরটিলা শাখার সাবেক কাস্টমার সার্ভিস অফিসার মো. এ এস এম আতিক উল্লাহ ও চকবাজার শাখার ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মো. খোরশেদ আলম, কম্পিউটার অপারেটর মো. মামুনুর রশিদ শাহিদ, সিনিয়র কম্পিউটার অপারেটর মো. জাহেদুল ইসলাম ও আবুল কাশেম।