জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত এক মাসে চারটি চুরির ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন অন্তত দুজন ছাত্রী। ছুটিতে ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকায় এ ঘটনা বাড়ছে বলে মনে করছে প্রশাসন।
সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, ‘ছুটিতে শিক্ষার্থী কম থাকায় এ ঘটনাগুলো ঘটছে। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক থাকতে বলেছি।’
গ্রীষ্মকালীন ছুটি, রোজা আর ঈদ—সব মিলিয়ে গত মে মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। জুলাই মাসের ২৫ তারিখ ক্যাম্পাস আবার খুলবে। দীর্ঘ ছুটির কারণে বিশ্ববিদ্যালয় এলাকা অনেকটা ফাঁকা। চলতি মাসের ১৪ তারিখ হলগুলোও বন্ধ হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, মানুষজন কম থাকার সুযোগে ক্যাম্পাসে অপরাধ বাড়ছে। গত বুধবার রাতে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পেছন থেকে উচ্চক্ষমতার প্রায় ১৫০ ফুট বৈদ্যুতিক তার চুরি হয়েছে। পরদিন সকালে চুরির ঘটনাটি জানাজানি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. ইয়াকুব আলী বলেন, ওই দিনই আশুলিয়া থানায় একটি জিডি হয়েছে। এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মী ও আনসারের একজন সহকারী প্লাটুন কমান্ডারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে ২৬ জুন রাত ১০টার দিকে প্রীতিলতা হলের পূর্ব পাশে ছিনতাইকারীর কবলে পড়েন ভূগোল ও পরিবেশ বিভাগের দুই ছাত্রী। তাঁরা বলেন, হলের কাছাকাছি আসার পর দুই দুর্বৃত্ত তাঁদের একজনের ব্যাগ ছিনিয়ে নেয়। অন্যজনের হাত থেকে মুঠোফোন কেড়ে নেওয়ার সময় হলের নিরাপত্তাকর্মী এগিয়ে এলে তারা দৌড়ে পালায়।
২৪ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন দোকান ‘মুক্তা টেলিকম’ থেকে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার জিনিস চুরি হয়। এ ছাড়া জুনের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল-সংলগ্ন বটতলার জাহাঙ্গীরের চায়ের দোকানেও চুরি হয়। দোকানের তালা ভেঙে প্রায় ১০ হাজার টাকার জিনিসপত্র চোরেরা নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজির আমিন বলেন, প্রশাসন নিরাপত্তার কথা বলে শিক্ষার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে। কিন্তু ছিনতাই-চুরি বন্ধ করতে পারছে না।