বন্ধ গবেষণাগারের জন্য অর্থ বরাদ্দ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগারটি প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকলেও কুঁচিয়া গবেষণার জন্য গত তিন অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২৭ লাখ টাকা। অনিয়মের মাধ্যমে ওই অর্থ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে গবেষণাগারটি বন্ধ থাকায় নষ্ট হচ্ছে প্রায় কোটি টাকার যন্ত্রাংশ।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির জনবলকাঠামো ২২ জন হলেও বর্তমানে সেখানে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। এর মধ্যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার দুটি পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন একজন। তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তার পদে কর্মরত রয়েছেন একজন এবং গবেষণা সহকারী পদে নয়জনের স্থলে কর্মরত রয়েছেন মাত্র দুজন। জনবল-সংকট ও অবহেলার কারণে প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে ওই ইনস্টিটিউটের গবেষণাগারের গবেষণাসংক্রান্ত কাজ। গবেষণাগারটি বন্ধ থাকলেও বছরের পর বছর ধরে ওই ইনস্টিটিউটে গবেষণার নামে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। কুঁচিয়া প্রকল্পের আগে ভেদা মাছ গবেষণার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই গবেষণায় কোনো সফলতা আসেনি।
২০১১-১২ অর্থবছরে শুরু হয় কুঁচিয়া প্রকল্পের গবেষণার কাজ। ওই প্রকল্পে ২০১১-১২ অর্থবছরে সাত লাখ, ২০১২-১৩ অর্থবছরে সাত লাখ ৫০ হাজার ও ২০১৩-১৪ অর্থবছরে ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে ওই গবেষণার জন্য দুই দফায় প্রায় ৯২ লাখ টাকার গবেষণা সরঞ্জাম দেওয়া হয়। নতুন ওই যন্ত্রপাতি বাক্সবন্দী অবস্থায় রাখা হয়েছে। আর গবেষণাগারটির কার্যক্রম বন্ধ থাকায় ওই যন্ত্রপাতির সঙ্গে পুরোনো যন্ত্রপাতিও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
অভিযোগ উঠেছে, এসব প্রকল্পে গবেষণাগারে কোনো কাজ না হওয়ায় গবেষণাসংক্রান্ত কাজ দেখানো হয় মাঠপর্যায়ে। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম অভিযোগ অস্বীকার করে কুঁচিয়া গবেষণায় ব্যাপক সফলতা অর্জিত হয়েছে বলে দাবি করেন। কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ মেলেনি।
সম্প্রতি ওই কেন্দ্রে গিয়ে গবেষণাগারটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। পরে গবেষণাগারটি খোলার পর দেখা যায়, গবেষণাগারের কম্পিউটার, রেফ্রিজারেটর ও অ্যাকুরিয়ামসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি অব্যবহৃত থাকার কারণে তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বাইরে দুটি চৌবাচ্চায় রাখা হয়েছে কয়েকটি কুঁচিয়ার বাচ্চা। নিলুফা বেগম দাবি করেন, চারটি পুকুরে গবেষণার জন্য আরও কুঁচিয়া রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কুঁচিয়া সরবরাহ ও জরিপকাজে সহযোগিতাকারী কয়েকজন বলেন, শুরু থেকে এ পর্যন্ত যে কাজ হয়েছে, তাতে বড়জোর দুই থেকে তিন লাখ টাকা খরচ হয়েছে। তিন বছরে কুঁচিয়া কেনা হয়েছে ১০ থেকে ১২ মণ। যার মোট মূল্য দেড় লাখ টাকার বেশি নয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কেন্দ্রের একটি সূত্র জানায়, নিলুফা বেগম গবেষণায় বরাদ্দ অর্থ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে বগুড়া শহরে ফ্ল্যাট, গ্রামের বাড়িতে নিজের ও স্বামী-সন্তানের নামে সম্পত্তি কিনেছেন। এ ব্যাপারে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নিলুফা বেগম বলেন, তাঁর বিরুদ্ধে আনা আর্থিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ মিথ্যা। তবে তিনি একটি ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেন। গবেষণাগার বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, গবেষণাগার ভবনের অবস্থা নড়বড়ে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বিদ্যুৎ লাইনের সমস্যা থাকায় গবেষণাগারটি বন্ধ রাখা হয়েছে।