বন্ধ ঘরে দুই শিশুসহ মায়ের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী ও দুই ছেলেমেয়েকে রেখে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর দারুস সালামের বাসা থেকে বের হয়েছিলেন শামীম হোসেন। বিকেলে বাসায় ফিরে তিনি সন্তানদের গলা কাটা লাশ ও স্ত্রীর মরদেহ দেখেন। পুলিশ বলছে, শামীমের প্রতি অভিমান করে তাঁর স্ত্রী দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।
নিহত তিনজন হলেন মোছা. আনিকা (২১), তাঁর মেয়ে শামীমা (৬) ও ছেলে আবদুল্লাহ (৩)। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শামীম পেশায় নরসুন্দর। দারুস সালাম থানার ছোট দিয়াবাড়িতে টিনশেডের একটি কক্ষে সপরিবার থাকতেন তিনি। ওই কক্ষেই আনিকা ও দুই সন্তানের লাশ পাওয়া যায়। প্রতিবেশীরা বলছেন, এই দম্পতির মধ্যে কলহ দেখেননি। তবে সংসারে আর্থিক অনটন ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সহকারী কমিশনার (দারুস সালাম জোন) সৈয়দ মামুন মোস্তফা প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে কক্ষের জানালা দিয়ে লাশগুলো দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষটি ভেতর থেকে বন্ধ পায়। দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় গলা কাটা ও কাপড়ে মোড়ানো অবস্থায় আবদুল্লাহ ও শামীমার লাশ পাওয়া যায়। আনিকার লাশ ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। কক্ষটিতে একটি রক্তাক্ত বঁটি এবং আবদুল্লাহর পরনের প্যান্টের ভাঁজে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে আনিকা দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করে নিজে আত্মহত্যার কথা লিখে গেছেন। এই ঘটনার জন্য তিনি কাউকে দায়ী করেননি।
ওই চিরকুটে লেখা আছে, ‘শামীম তোমার একটা ভুলের জন্য এত বড় ঘটনা, তুমি ভেবেছ আমি শুধু শুনব...আমি সবাইকে ছেড়ে যাচ্ছি। ...ছেলে মেয়ে নিয়ে গেলাম সবাই ভালো থাকো।...আমার মৃত্যুর জন্য কেও দাই না। ইতি আনিকা, শামীমা, আবদুল্লাহ।’
এ সম্পর্কে সৈয়দ মামুন মোস্তফা বলেন, শামীমকে পাওয়া যাচ্ছে না। পেলে কারণ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গতকাল ঢাকা মেডিকেল, ওই বাড়ি ও মিরপুর বেড়িবাঁধে শামীমের সেলুনে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগও করা যায়নি। প্রতিবেশীরা বলেছেন, শামীমা-আনিকাকে তাঁরা কখনো ঝগড়া করতে দেখেননি। পারিবারিক কোনো দ্বন্দ্ব বা তাঁদের মধ্যে দাম্পত্য কলহ আছে কি না, তা তাঁদের জানা নেই।
শামীমরা যে বাড়িতে থাকতেন তাতে নয়টি কক্ষে নয়টি পরিবারের বাস। শামীমরা ২০১৫ সালের জুলাই থেকে ওই বাড়িতে ভাড়া থাকছেন। মাসে ভাড়া ২ হাজার ৩০০ টাকা। তাঁদের পাশের কক্ষের বাসিন্দা মাসুদা বেগম বলেন, তিনি কারখানায় কাজ করেন। সকালে বের হয়ে মাঝে দুপুরে খেতে আসেন, কাজ শেষে ফেরেন রাতে। তিনি বলেন, গত সোমবার রাতে আনিকার সঙ্গে তাঁর দেখা হলেও কথা হয়নি।
প্রতিবেশী মো. শাহীন বলেন, ঘটনার পর সন্ধ্যায় শামীম তাঁকে জানিয়েছেন, ভাত না খেয়ে তিনি সকালে বাসা থেকে বের হওয়ার আগে এ নিয়ে স্ত্রীর সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল।
বাড়ির মালিক আবু সাঈদের স্ত্রী উম্মে সালমা বলেন, প্রায় সাত মাস থেকে শামীম বাসা ভাড়া দেন না। তাঁর কাছে ১৫ হাজার ৮০০ টাকা পাওনা রয়েছে। সাত-আট দিন আগে বকেয়া ভাড়া চাইতে গিয়েছিলেন। তিনি বলেন, বাসার অল্প দূরে মিরপুর বেড়িবাঁধে থাকা সেলুনের আয়েই শামীমের সংসার চলে।
সন্ধ্যায় গিয়ে ওই সেলুন বন্ধ পাওয়া যায়। সেলুনের সামনে থাকা শামীমের বন্ধু মো. নূরনবী বলেন, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেলুন খোলা ছিল। এরপর তাঁরা একসঙ্গে জনসভায় যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে যান। সেখানেই তিনি শামীমের স্ত্রী-সন্তানদের মৃত্যুর খবর পান। তিনি বাসায় সমস্যা হয়েছে জানিয়ে শামীমকে নিয়ে বিকেলে তাঁর বাসায় যান।
নূরনবী বলেন, দিন শেষে গড়ে ৫০০ টাকা আয় হতো শামীমের। সেলুনের ভাড়া মাসে ৩ হাজার টাকা।
প্রতিবেশীরা বলেছেন, শামীমের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর আর আনিকার বাবার বাড়ি নওগাঁয়। সাত-আট বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।
এ ঘটনায় রাত সোয়া ১০টা পর্যন্ত মামলা হয়নি। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ঘটনা সম্পর্কে জানতে শামীমকে জিজ্ঞাসাবাদ করা হবে।