বন্ধ হয়নি ইজিবাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রীর নির্দেশের পরও সিলেটে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ হয়নি। নিষিদ্ধঘোষিত এই যান চলছেই।
গত ২১ মে স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে প্রাক্-বাজেট আলোচনা সভায় বক্তৃতা করেন। সেখানে তিনি নগরে ইজিবাইক চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনকে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, কালীবাড়ি, বাগবাড়ি, আখালিয়া, পাঠানটোলা, সুবিদবাজার, বনকলাপাড়া, আম্বরখানা, বড়বাজার, চৌকিদেখি, পশ্চিম পীরমহল্লা, মজুমদারি, কাজলশাহ, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকায় ইজিবাইক চলছে। কয়েকজন নগরবাসী জানান, অর্থমন্ত্রীর নির্দেশের ১৩ দিন পার হলেও ইজিবাইক চলাচল বন্ধে প্রশাসন কোনো অভিযান চালায়নি। দ্রুত এই যান বন্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং অবৈধ ইজিবাইক চলাচলের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকায় মহানগর পুলিশ গত বছরের ১ জুলাই থেকে নগরে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তখন এ পদক্ষেপকে সমর্থন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষও যানজট দূরীকরণের স্বার্থে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করে।
এরপর ছয় থেকে সাত মাস পর্যন্ত এসব যান নগরে চলাচল করেনি। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ নগরে এসব যান চলাচল পুনরায় শুরু করে। এটি জানতে পেরে ২১ মে অর্থমন্ত্রী সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় এসব ইজিবাইক ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, নগরের মূল সড়কে ইজিবাইক চলাচল করতে দেওয়া হচ্ছে না। যেসব পাড়া-মহল্লায় এখনো এসব যান চলছে, রমজান মাস শুরুর আগেই সেগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে ‘ইজিবাইকমুক্ত’ সিলেট নগর দেখা যাবে।