বরিশালে হোটেলের কক্ষ থেকে পড়ে নিহত ইমরান হোসেন ওরফে সুমন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মহানগর হাকিম আদালতের বিচারক রফিকুল ইসলাম শুনানি শেষে ওই আদেশ দেন। নিহত সুমনের বন্ধু শওকতকে গত মঙ্গলবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন। ১৯ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে নগরের অভিজাত হোটেল এরিনার পঞ্চম তলার একটি কক্ষ থেকে নিচে পড়ে নিহত হন সুমন। সুমন ফিশারী সড়কের মৃত আলতাফ সিকদারের ছেলে। ঘটনার পরপরই হোটেলের ওই কক্ষে থাকা শওকতকে আটক করে পুলিশ। শওকত নগরের বগুড়া সড়কের বাসিন্দা।
হোটেল এরিনা কর্তৃপক্ষ জানায়, ১৯ জুলাই দুপুরে হোটেলের ৫০৭ নম্বর ডিলাক্স কক্ষ ভাড়া নেন সুমন। তাঁর সঙ্গে ছিলেন বন্ধু শওকত হোসেন। তাঁদের আরও কয়েকজন বন্ধু ওই দিন হোটেলের কক্ষে যাওয়া-আসা করেন এবং তাস খেলেন। রাতে তাঁরা মদ পান করেন। রাত আড়াইটার দিকে কাচ ভাঙার শব্দ এবং নিচে কিছু পড়ার শব্দ পেয়ে হোটেলের লোকজন পাশের রাস্তায় গিয়ে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোররাতে মারা যান সুমন।