বন্ধুকে খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঢাকার কেরানীগঞ্জে এক কিশোর খুন হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বাকা চড়াইল এলাকার একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে অপর এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে।
নিহত কিশোরের নাম মো. ফেরদৌস। তার বাবার নাম নায়েব আলী। গ্রেপ্তার হওয়া কিশোর নিহত ফেরদৌসের বন্ধু। তাদের বাড়ি মনুবেপারীর ঢাল এলাকায়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই গোলাম রসুল বলেন, গ্রেপ্তার কিশোর পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে গ্রেপ্তার কিশোর ও তার কয়েকজন বন্ধু ফেরদৌসকে হত্যার পরিকল্পনা করে। পরদিন রাতে বাসা থেকে বের হলে ফেরদৌসকে ডেকে নিয়ে তারা হত্যা করে।
ফেরদৌসের ভগ্নিপতি মাওলানা দীন ইসলাম বলেন, ওই কিশোর ও তার বন্ধুরা এলোপাতাড়ি কুপিয়ে ফেরদৌসকে খুন করে। গুম করার জন্য তার লাশ পুকুরে ডুবিয়ে রাখা হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, ২৫ ডিসেম্বর রাত থেকে ফেরদৌসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর দুদিন পর তার বাবা ফেরদৌসের ওই বন্ধুসহ কয়েকজনকে সন্দেহভাজন উল্লেখ করে কেরানীগঞ্জ মডেল থানায় জিডি করেন। গত শুক্রবার দুপুরে ওই জিডির ভিত্তিতে পুলিশ ওই বন্ধুকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী দিবাগত রাত একটার দিকে বাকা চড়াইল এলাকার আহমদ ভূঁইয়ার পুকুর থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়। ফেরদৌসের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নবজাতকের লাশ: গাজীপুরের জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, গতকাল শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভেতরের একটি খেতে নবজাতক এক ছেলেশিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। বিকেল তিনটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। চার-পাঁচ দিন আগে কেউ ওই স্থানে শিশুটির লাশ ফেলে গেছে বলে ধারণা করা হয়।