বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের দিন বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে পাবনা সদর উপজেলার লস্করপুর মহল্লায় গণপিটুনিতে গুরুতর আহত হয় মিখাইল ইসলাম (১৫)। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সে মারা যায়। 
নিহত মিখাইল পাবনা পৌর এলাকার শহীদ রিদ্দিক সড়কের সাইদুল প্রামাণিকের ছেলে। সে শহরের জাগির হোসেন একাডেমিতে দশম শ্রেণিতে পড়ত।
নিহত মিখাইলের পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মিখাইল পয়লা বৈশাখ সকালে নববর্ষ উদ্যাপনের জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথে নিরু হোসেন নামের এক বন্ধু তাকে বাড়ি পৌঁছে দিতে অনুরোধ করে। নিরুকে মোটরসাইকেলে তুলে সে যে মহল্লায় থাকে, সেই লস্করপুরে পৌঁছালে আচমকা কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় মাথায় আঘাত লেগে আহত হয় মিখাইল। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার বিকেলে সে মারা যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিরুর পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশী অপর একটি পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে প্রতিপক্ষ নিরুর ওপর হামলা চালাতে আসে।
নিহত কিশোরের বাবা সাইদুল প্রামাণিক বলেন, ‘আমার ছেলে কখনো কারও সঙ্গে ঝগড়াঝাঁটি করত না। আমি এ হত্যার বিচার চাই।’