বন্ধুকে রক্ষা করতে গিয়ে খুন হন বনফুলের দুই কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বন্ধুকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে সিলেটের খাদিম বিসিক শিল্পনগরীতে বনফুল বেকারি কারখানার দুই কর্মী খুন হয়েছেন। ঘটনার প্রায় সাত মাস পর চারজন গ্রেপ্তার হলে তাঁদের তিনজন গত সোমবার সিলেট মহানগর বিচারিক হাকিম আদালতে (দ্বিতীয়) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় উন্মোচিত হয়েছে দুই খুনের রহস্য।
গত ৮ জানুয়ারি কারাখানার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বনফুলের কর্মী মোহাম্মদ রাজু (২২) ও তাপু মিয়া (২০)। এ ঘটনায় রাজুর ভাই মাসুদ পারভেজ শাহপরান থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।
সম্প্রতি পুলিশ খুনিদের শনাক্ত করে। গত এক সপ্তাহে বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করা হয় চারজনকে। তাঁদের মধ্যে ইমন আহমদ, শিপন মিয়া ও দুলাল মিয়া মহানগর বিচারিক হাকিম (দ্বিতীয়) হরিদাস কুমারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায়, জবানবন্দিতে তিনজনই খুনের দায় স্বীকার করেন। তাঁরা কারণ হিসেবে বনফুলের এক নারী কর্মীর সঙ্গে একজনের প্রেমের সম্পর্কের বিষয়টি মেনে না নিতে পেরে তাঁকে খুনের পরিকল্পনা করেন। নারী কর্মীর প্রেমিককে ছুরিকাঘাত করতে ধাওয়া করলে তাঁর বন্ধু রাজু ও তাপু ঘটনাস্থলে পাল্টা আক্রমণের চেষ্টা করেন। শেষে তাদের দুজনকে ছুরিকাঘাত করে তাঁরা পালান। জবানবন্দিতে অনুশোচনা প্রকাশ করে তাঁরা বলেন, রাজু ও তাপু তাঁদের বন্ধুকে রক্ষা করতে গিয়ে উল্টো তাঁদের ধরে ফেলার চেষ্টা করায় শেষে ছুরিকাঘাত করে তাঁরা পালান। পরে তাঁরা জানতে পারেন দুজনই মারা গেছেন।
গ্রেপ্তার হওয়া উজ্জ্বল মিয়া ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার সহকারী কমিশনার সাজ্জাদুল হাসান প্রথম আলোকে বলেন, প্রায় আট মাসের মাথায় চাঞ্চল্যকর জোড়া খুনের পেছনের কারণ ও খুনি উন্মোচিত হয়েছে।