বন্ধুকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছুরিকাঘাত করে এক ইটভাটার শ্রমিককে তাঁর বন্ধু খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার  ঘাটমাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩৪)। তাঁর বাড়ি উপজেলার ঘাটমাগুরা গ্রামে। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় রোববার রাতেই রহিমের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ঘাটমাগুরা গ্রামের ফিলিপ প্রামাণিকের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহিমের সঙ্গে ফিলিপ প্রামাণিকের (৩৫) দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গত রোববার রাত সোয়া আটটার দিকে রহিম গ্রামের একটি চায়ের দোকানে চা পান করার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফিলিপ দোকানে ঢুকেই ধারালো ছুরি দিয়ে রহিমের বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিম মারা যান। ঘটনার পর থেকে ফিলিপ পলাতক।

দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।