বন্ধুদের গুলিতে নরসিংদীতে এক ব্যক্তি খুন
নরসিংদীর পলাশে মিলন মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বন্ধুরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ঘোড়াশাল ফুলদীর টেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মিলন মিয়া ঘোড়াশাল ফুলদীর টেক এলাকার চান মিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা গেছে, মিলন মিয়ার বাড়িতে প্রতি রাতেই স্থানীয় সেলিম মিয়াসহ তাঁর চার-পাঁচ বন্ধু আড্ডা দিতেন। গতকাল ভোর চারটার দিকে আড্ডার একপর্যায়ে তাঁদের মধ্যে মাদক ব্যবসার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝগড়া বাধে। তখন মিলনের মাথায় গুলি করেন তাঁরা। শব্দ শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে তাঁরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মিলন মিয়ার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তিনজনকে।