বন্ধুদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) প্রার্থীর দেওয়া টাকা ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বন্ধুদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত কলেজছাত্রের নাম রোমান মিয়া (২৩)। তিনি গণকপাড়া গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে এবং গাবতলীর সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শ্রেণিতে পড়তেন।
গণকপাড়া গ্রামের দুজন বাসিন্দা বলেন, ২২ মার্চ সারিয়াকান্দিতে ভোট হয়। ওই নির্বাচনে প্রার্থীরা গণকপাড়া গ্রামের কর্মীদের পিকনিকের জন্য ২০ হাজার টাকা দেন। সেই টাকায় দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক করেন কর্মীরা। টাকা হাতে নিয়ে পিকনিকের খরচ করেন রোমান এবং তাঁর বন্ধু শাকিন ও শাহেদ। পরে শতাব্দী নামের তাঁদের এক বন্ধুর নেতৃত্বে কয়েকজন টাকার হিসাব চান। এ নিয়ে ২৩ এপ্রিল রােত বাগ্বিতণ্ডা হয়। পরে রোমান, শাহেদ ও শাকিনকে ছুরিকাঘাত করেন শতাব্দী ও তাঁর বন্ধুরা। তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল তিনি মারা যান।