বন্ধুদের সহায়তায় নিজ স্কুলের ল্যাপটপ চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার নারায়ণপুর দ্বিতীয় উচ্চবিদ্যালয় থেকে দেড় মাস আগে চুরি হওয়া ১৬টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বিদ্যালয়ের এক ছাত্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, এই স্কুলের এক ছাত্র তার বন্ধুদের সহায়তায় ল্যাপটপগুলো চুরি করে।

তানোর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ল্যাপটপগুলো উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম জানান, ওই স্কুলের এক শিক্ষার্থী তার কয়েক বন্ধুর সহায়তায় নকল চাবি তৈরি করে। এরপর গত ২৬ জুলাই রাতে ওই স্কুলের কম্পিউটার ল্যাবের তালা খুলে ১৬টি ল্যাপটপ চুরি করে। ঘটনার সময় স্কুলের নৈশপ্রহরী অন্য একটি শ্রেণিকক্ষে ঘুমিয়ে ছিলেন। এরপর তারা ল্যাপটপগুলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একজনের কাছে বিক্রি করে দেয়। ওই ব্যক্তি আবার ল্যাপটপগুলো আরও পাঁচজনের কাছে বিক্রি করে দেয়।

ওসি আরও জানান, গতকাল সন্ধ্যায় তানোর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা পুলিশের কাছে সব স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থেকে ল্যাপটপগুলোসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় মামলা হলে স্কুলের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম ও অফিস সহকারী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের তিন দিন করে রিমান্ডেও নেওয়া হয়।