বন্ধুর কিল-ঘুষিতে যুবকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালের নাজিরাবাজার এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে মোহাম্মদ রুবেল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শারীরিক প্রতিবন্ধী এই যুবক আঘাতজনিত কারণে মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের ভাষ্য। পরিবারের দাবি, বন্ধুদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এক বন্ধুর কিল-ঘুষিতে রুবেল মারা যান।

রুবেল নাজিরাবাজারে একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লায়।

রুবেলের চাচা মান্নান মিয়ার ভাষ্য, নাজিরাবাজার চৌরাস্তা এলাকায় রুবেলসহ চার বন্ধু একটি হোটেলে নাশতা খান। বন্ধুদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন রিয়াজ ও ইউসুফ। নাশতা খেয়ে বের হওয়ার পর রুবেলের সঙ্গে বন্ধুদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল তাঁর বন্ধু রিয়াজকে চড় মারেন। রিয়াজ রুবেলকে ধাক্কা মারেন। পরে তাঁকে কিল-ঘুষি মারেন রিয়াজ। একপর্যায়ে রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বন্ধুরা তাঁর মাথায় পানি ঢালেন। জ্ঞান ফিরে না আসায় রিয়াজসহ বন্ধুরা রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা কর্মকর্তার ভাষ্য, শারীরিক আঘাতজনিত কারণে রুবেলের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রিয়াজ ও ইউসুফসহ তিনজনকে আটক করা হয়েছে। অন্য একজনের নাম জানা যায়নি।

রুবেলের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।