বন্ধুর ঘরের মেঝে খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার
বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে প্রায় দুই মাস আগে নিখোঁজ হয়েছিলেন পাবনার সুজানগরের কলেজছাত্র রবিউল ইসলাম (২৫)। তাঁকে অপহরণের দাবি করে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবিও করা হয়েছিল। গতকাল শুক্রবার তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়েছে একই গ্রামের বন্ধু মামুন হোসেনের (২৫) ঘরের মেঝে খুঁড়ে।
রবিউলের বাড়ি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামে। তিনি উপজেলার মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মামুনের বাড়িও ওই গ্রামে। পুলিশ মামুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে লাশের সন্ধান পায়।
স্থানীয় লোকজন, রবিউলের স্বজন ও সুজানগর থানা সূত্র বলেছে, রবিউল ও মামুন ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা প্রায়ই সন্ধ্যার পর একসঙ্গে বেড়াতেন। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার পর রবিউল বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরদিন বেলা ১১টার দিকে রবিউলের বড় ভাই নজরুল ইসলামের মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে তাঁর ভাইকে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে রবিউলকে খুন করার হুমকি দেওয়া হয়। এক দিন পর অপহরণকারীরা রবিউলের মুঠোফোন নম্বর থেকে তাঁর আরেক ভাই নবী হোসেনকে ফোন দিয়েও ৫০ লাখ টাকা দাবি করে। এতে পরিবারের লোকজন অপহরণের বিষয়টি নিশ্চিত হন এবং বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৫ অক্টোবর নজরুল ইসলাম সুজানগর থানায় অপহরণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সুজানগর থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, অনেক চেষ্টা করেও কোনো ক্লু মিলছিল না। শেষ পর্যন্ত মুঠোফোনের কথোপকথন বিশ্লেষণ ও অবস্থান বিবেচনা করে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে মামুনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মামুন রবিউলকে অপহরণ ও খুনের কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে তাঁর শোবার ঘরের মেঝে খুঁড়ে রবিউলের গলিত লাশ পাওয়া যায়।
মামুনের দেওয়া তথ্যের বরাত দিয়ে উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, মামুনের ভাষ্যমতে, অপহরণের পর তাঁরা রবিউলকে প্রচুর ঘুমের ওষুধ সেবন করান। এতে তিনি মারা যান। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন।
লাশ উদ্ধারের খবর পেয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইবনে মিজান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার সালমা সুলতানা আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত রবিউলের স্বজনেরা। রবিউলের মা নূরজাহান বেগম ও বাবা আবদুল মালেক বারবার মূর্ছা যান।
রবিউলের বড় ভাই কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাড়ির মাত্র ৩০০ গজ দূরে আমার ভাইকে এভাবে খুন করা হবে ভাবতেও পারিনি। ঘনিষ্ঠ বন্ধু হয়ে যারা বন্ধুকে এভাবে খুন করতে পারে, তাদের ফাঁসি চাই।’
যোগাযোগ করা হলে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, অপহরণটির কোনো ক্লু ছিল না। শুধু তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহরণ চক্রের একজনকে শনাক্ত করা হয়। তার সহযোগীদের গ্রেপ্তারে তত্পরতা চলছে।