বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার ছুরিকাঘাতে শিপন মিয়া (২০) নামের একজন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এক বন্ধুর ছুরির আঘাতে তিনি নিহত হন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডুয়াইল ইউনিয়নের চাঁপারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন আরামনগর কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
বাবা মোতালেব হোসেন বলেন, একই গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমরান হোসেনের সঙ্গে শিপনের বন্ধুত্ব ছিল। মাঝে হঠাৎ করে তাঁদের সম্পর্ক নষ্ট হয়ে বিরোধ সৃষ্টি হয়। কয়েক দিন আগে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। আজ বিকেলে ইমরান ধারালো ছুরি দিয়ে শিপনের বুকে আঘাত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহিদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ইমরানের মা আঞ্জুয়ারা বেগমকে (৪৫) আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।