বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আহত
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে গতকাল সোমবার ছুরিকাঘাতে মো. সোহেল (২৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু তবারক উল্লাকে (২৫) ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোহেল ও তবারকের বাড়ি উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল ও তবারক দুজন বন্ধু। কয়েক দিন আগে তবারকের একটি মুঠোফোন নিয়ে যান সোহেল। পরে ফোনটি ফেরত না দেওয়ায় দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাতারপাইয়া বাজারে এ নিয়ে সোহেল ও তবারকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তবারক ছুরি দিয়ে সোহেলের পেটে আঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন তবারককে ধরে ফেলেন। সোহেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার এসআই হাবিবুর রহমান বলেন, সোহেল ও তবারক দুজনই বখাটে প্রকৃতির। মুঠোফোন নিয়ে বিরোধের জের ধরে একজন আরেকজনকে ছুরিকাঘাত করেন।