বন্ধুর সঙ্গে বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী
বন্ধুর সঙ্গে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। গত শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার এলাকার সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় গতকাল রোববার সকালে ওই তরুণীর পরিবার কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছে। এ ছাড়া তরুণীর ডাক্তারি পরীক্ষা গতকাল বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।
ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই তরুণীর বন্ধু প্রদীপ শীলসহ (২৭) দুজনকে গ্রেপ্তার করেছে। অপরজন হলেন সংরক্ষিত ওই বনের অস্থায়ী প্রহরী মো. নাজমুল হক ওরফে সোহাগ (২৫)।
পুলিশ জানায়, প্রদীপ শীল আনসার সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দরে কর্মরত। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি ফেনী জেলায়। গ্রেপ্তার করা সোহাগের বাড়ি সংরক্ষিত ওই বনের পাশের গ্রাম মুছাপুরে। কয়েক বছর আগে সোহাগের বড় ভাই কামরুল হাসান ওরফে টিপু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
প্রদীপ শীলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহাগকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত অন্য বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।