বন্ধুর স্ত্রীকে উত্ত্যক্ত করায় খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দুজন বাল্যবন্ধু। যুবলীগ নামধারী অমিত মুহুরী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আর ইমরানুল করিম যুবলীগের কর্মী। অমিতের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ইমরানুলকে খুন করার কথা উঠে এসেছে দুই আসামির জবানবন্দিতে।

ঘটনার শুরু গত ১৩ আগস্ট। সেদিন চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার রানির দিঘিতে গোসল করার সময় এক ব্যক্তি ড্রামটি শনাক্ত করেন। পরে পুলিশ ড্রাম কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। এ ঘটনার তদন্ত করতে গিয়ে গত বৃহস্পতিবার ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে বলেন, ড্রামের ভেতরে পাওয়া লাশটি অমিতের বন্ধু ইমরানুল করিমের। ৯ আগস্ট নগরের নন্দনকানন হরিশ দত্ত লেনের বাসায় ইমরানুলকে ডেকে নেন অমিত। বাসার ভেতরেই তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তার করা দুই যুবকও তখন অমিতের বাসায় ছিলেন।

২২ আগস্ট ইমরানুল নিখোঁজ উল্লেখ করে তাঁর ছোট ভাই ইরফানুল করিম রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালতে জবানবন্দি দেন আসামি ইমাম হোসেন। আদালত সূত্র জানায়, তিনি জবানবন্দিতে বলেন, ৮ আগস্ট রাতে নিজেকে অসুস্থ দাবি করে অমিত তাঁকে নগরের নন্দনকাননে তাঁর বাসায় আসতে বলেন। তিনি বাসায় আসার পর অমিত অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করতেন ইমরানুল। তিনি আসার আগে বাসায় ইমরানুলকে ডেকে আনা হয়েছে। তখন অমিত ইমরানুলকে মারধর শুরু করেন। একপর্যায়ে দুই হাত বেঁধে মুখে ছুরিকাঘাত করা হয়। চিৎকার করলে মুখে কাপড় ঢুকিয়ে টয়লেটে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। এ সময় অমিতের স্ত্রী শোয়ার ঘরে গান শুনছিলেন। ঘটনার দিন রাতে একটি প্লাস্টিকের ড্রাম নিয়ে আসা হয়। কিন্তু লাশ শক্ত হয়ে যাওয়ায় টুকরো টুকরো করা যায়নি। লাশটি ফুলে যাওয়ায় ড্রামে ঢোকানো যায়নি। পরে একটি লোহার ড্রাম নিয়ে আসা হয়। নগরের হাজারী গলি থেকে আনা হয় অ্যাসিড। ইমরানুলের লাশটি ড্রামের ভেতর ঢুকিয়ে অ্যাসিড দেওয়া হয়। যাতে লাশটি বিকৃত হয়ে যায়। শুধু হাড় থাকে। কিন্তু লাশটি বিকৃত না হওয়ায় চুন দেওয়া হয়। পরে সিমেন্ট, বালু ও ইট দিয়ে ড্রামের মুখটি ঢালাই করে দেওয়া হয়। প্রথমে ড্রামভর্তি লাশটি কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। গাড়ি না পাওয়ায় সেই পরিকল্পনা বাদ দিয়ে চার দিন পর রিকশাভ্যানে করে অমিতের ভাড়া বাসা থেকে আধা কিলোমিটার দূরে রানির দিঘিতে গভীর রাতে ড্রামটি ফেলে দিয়ে আসা হয়।

ইমাম জবানবন্দি দেওয়ার দুই দিন পর রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে জবানবন্দি দেন আসামি অমিত। তিনি আদালতকে বলেন, তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করতেন ইমরানুল। এ জন্য মারধর করেছেন। কিন্তু খুনসহ সব কাজ করেছেন ইমামসহ তাঁর কয়েক বন্ধু। শনিবার কুমিল্লা সদরে একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র থেকে অমিত গ্রেপ্তার হন।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার সময় অমিতের মুখে দাড়ি ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি মাথার চুল ছোট করে ফেলেন। দাড়ি ফেলে দেন। কিন্তু তাঁর হাতে ও গলায় আঁকা ট্যাটো দেখে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, অমিত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৩টি মামলা রয়েছে নগরের কোতোয়ালি, ডবলমুরিং ও বাকলিয়া থানায়। এর মধে৵ রেলের কোটি টাকার দরপত্র নিয়ে জোড়া খুনের মামলা রয়েছে। ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় ওই দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়। এরপর আলোচনায় আসে অমিতের নাম। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম।

গতকাল সোমবার দুপুরে পুলিশের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে অমিত মুহুরী প্রথম আলোকে বলেন, স্ত্রীকে উত্ত্যক্ত করায় তিনি বন্ধু ইমরানুলকে শাসন করেছেন। তাঁকে খুন করেছেন আরেক বন্ধু ইমামসহ কয়েকজন। বর্তমানে অমিত নগর যুবলীগের সদস্য প্রার্থী। এর আগে তিনি রাউজান উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। স্ত্রীকে উত্ত্যক্ত করলে পুলিশকে খবর না দিয়ে কেন নৃশংসভাবে খুন করা হলো প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। অমিত নিজেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সদস্য হেলাল আকবর চৌধুরীর অনুসারী দাবি করেন। এ বিষয়ে জানতে হেলালকে ফোন করা হলেও তিনি ধরেননি।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) জাহাঙ্গীর আলম তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, অমিতসহ দুই আসামির জবানবন্দিতে নৃশংস খুনের বর্ণনা উঠে এসেছে। এই হত্যাকাণ্ডে অন্তত ১০ জন অংশ নিয়েছিলেন। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

অমিত ও অপর আসামি শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

নিহত ইমরানুলের মা এরশাদ আরা বেগম ও ছোট ভাই ইরফানুল করিম এই হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।