বন্ধুর হাতে কিশোর খুন, লাশ মিলল সেপটিক ট্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেপটিক ট্যাংক থেকে আলিফ আহম্মেদ ওরফে স্বপ্নের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে সে নিখোঁজ হয়।
কুড়িগ্রাম শহরের চাল ব্যবসায়ী সুলতান আহম্মেদের ছেলে আলিফ। সে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে তার মা-বাবা নির্বাক।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুড়িগ্রাম শহরের ভেলাকোপা এলাকার হানাগর পাড়ার সিনিয়র নার্স মোর্শেদা বেগমের বাড়ির সেফটিক ট্যাংক থেকে আলিফের লাশ উদ্ধার করা হয়। পুলিশ মোর্শেদা বেগম ও তাঁর ছেলে রিফাতকে আটক করেছে। আলিফ ও রিফাত ঘনিষ্ঠ বন্ধু।
আলিফের পরিবার ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে আলিফ তার মাকে টেবিলে নাশতা দিতে বলে বাসা থেকে নিচে নামে। সে জানায়, বন্ধু রিফাতের সঙ্গে তার কথা আছে। কিন্তু এরপর সে আর বাসায় ফেরেনি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। কোথাও না পেয়ে মঙ্গলবার এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পুলিশ সন্দেহবশত রিফাত ও তার মাকে বুধবার রাতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এরপর গতকাল সকালে রিফাত আত্মগোপন করে। আর তার মায়ের ফোনও বন্ধ পাওয়া যায়। এরপর বিকেলে পুলিশ অভিযান চালিয়ে মোর্শেদা বেগম ও তাঁর ছেলেকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা আলিফকে হত্যা করার কথা স্বীকার করে। দুজনের দেওয়া তথ্য অনুযায়ী বাসার সেফটিক ট্যাংক ভেঙে আলিফের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, সহকারী পুলিশ সুপার মাসুদ আলম ও ইউএনও আমিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
রিফাতদের প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা বেগম এক বছর আগে ভেলাকোপার হানাগর পাড়ায় বাড়ি করে বসবাস শুরু করেন। তিনি তাঁর স্বামী আতাউর রহমানকে তিন মাস আগে ডিভোর্স দেন। একমাত্র ছেলে রিফাতকে নিয়ে থাকতেন তিনি। তাঁদের বাসায় কারও যাতায়াত ছিল নিষিদ্ধ। একমাত্র পাহারাদার আবেদ আলী ও গৃহপরিচারিকা রাবেয়া বেগমের প্রবেশাধিকার ছিল। মোর্শেদা বেগমের গ্রামের বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা এলাকায়। তাঁর প্রথম স্বামী রেজাউল মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) মাসুদ আলম বলেন, মোশের্দা ও রিফাত ধুরন্ধর প্রকৃতির। রিফাত তার নাগেশ্বরী এলাকার এক বন্ধু আকাশের সহায়তায় এ খুনের ঘটনা ঘটায়। সে জিজ্ঞাসাবাদে জানায়, আকাশ কুড়িগ্রামে জ্যাকেট কিনতে এসেছিল। কিন্তু টাকা না থাকায় দুই বন্ধু আলিফকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, রিফাত মুঠোফোনে আলিফকে ডেকে আনে। ফাঁকা বাড়িতে দুই বন্ধু আলিফের হাত-পা বেঁধে ফেলে। কিন্তু তারা আলিফকে বাগে আনতে পারছিল না। সে চিৎকার-চেঁচামেচি শুরু করলে দুজনে ভয় পেয়ে যায়। একপর্যায়ে তারা মাফলার দিয়ে গলা পেঁচিয়ে ধরলে আলিফের মৃত্যু হয়। পরে অন্যদের সহায়তায় তারা সেফটিক ট্যাংকে লাশ ফেলে দেয়।